অফিস যাওয়ার পথে দিনটাকে গুছিয়ে তোলার ৫টি সহজ উপায়!
আজকের ব্যস্ত জীবনে অনেক সময় মনে হয় দিনের ২৪ ঘণ্টাও যথেষ্ট নয়। সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলা, অফিস ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জন্য আলাদা সময় বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু একটু পরিকল্পনা আর সঠিক ব্যবহারেই প্রতিদিনের যাতায়াতের সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও সহজ ও কার্যকর করে তোলা যায়। অফিস যাওয়ার পথে বা ফেরার সময়ও সেরে ফেলা যায় অনেক গুরুত্বপূর্ণ কাজ, যা দিনের চাপ কমাবে এবং নিজের জন্য বাড়তি সময় এনে দেবে।
নিচে দেওয়া হলো ৫টি কার্যকর পরামর্শ, যা মেনে চললে যাতায়াতের সময়ও হয়ে উঠবে ফলপ্রসূ:
১) সারা দিনের পরিকল্পনা তৈরি করুন
সকালবেলা হুড়োহুড়ির মাঝে অনেকেই সঠিক পরিকল্পনা করার সময় পান না। অফিসের পথে কিছুটা সময় নিয়ে সারা দিনের কাজের তালিকা তৈরি করা যেতে পারে। ফোনের নোটপ্যাডে বা ডায়েরিতে তা লিখে রাখলে কাজগুলো গুছিয়ে করা সহজ হবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়বে না।
২) পডকাস্ট ও অডিয়োবুক শুনুন
অনেকেই অফিস যাওয়ার পথে গান শুনে বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান। তার পরিবর্তে পডকাস্ট বা অডিয়োবুক শোনার অভ্যাস করলে জ্ঞান বৃদ্ধি হবে এবং দিন শুরু হবে ইতিবাচকভাবে। এই অভ্যাস আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে এবং নতুন বিষয় শেখার সুযোগও দেবে।
৩) নতুন ভাষা শেখা
বহুভাষী হওয়া সবসময়ই একটি বাড়তি সুবিধা। যাতায়াতের সময় অনলাইনে বিনামূল্যের ভাষা শেখার অ্যাপ বা অডিও কোর্স শোনা যেতে পারে। প্রতিদিন কিছুটা সময় দিলেই কয়েক মাসে একটি নতুন ভাষা আয়ত্ত করা সম্ভব।
৪) খবর রাখুন
ব্যস্ততার কারণে খবর পড়ার সময় অনেকেই পান না। অথচ দৈনন্দিন জীবনে খবর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ি চালিয়ে যাতায়াত করলে নিউজ পডকাস্ট শোনা যেতে পারে। আর পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করলে সংবাদপত্র বা নিউজ অ্যাপ পড়া একটি ভালো অভ্যাস হতে পারে।
৫) ছোটখাটো কাজ সেরে ফেলুন
যাতায়াতের সময় ফোন কল বা মেসেজের মাধ্যমে অনেক জরুরি কাজ সারতে পারেন। ইমেল রিপ্লাই দেওয়া, প্রয়োজনীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করা কিংবা ছোটখাটো পারিবারিক আয়োজন ঠিক করা এই সময়ে সম্ভব। এতে অফিস থেকে ফেরার পর ব্যক্তিগত সময় আরও ভালোভাবে ব্যবহার করা যাবে।
ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বের করা কঠিন হলেও অসম্ভব নয়। প্রতিদিনের যাতায়াতের সময়কে কার্যকরভাবে কাজে লাগালে শুধু কাজের চাপ কমবে না, ব্যক্তিগত জীবনও আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধ হবে।
দক্ষিণী স্বাদের অনন্য ভর্তা: এল্লু থুভৈয়াল, গরম ভাতে ঘি মেখে খেতে একেবারে স্বর্গীয়