বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে!
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তি মিললেও বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে কলকাতাতেও এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তার পরেই ফের বদলাতে পারে আবহাওয়া। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার অবশ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরোনোর ক্ষেত্রে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাব পড়বে কি?
আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের পশ্চিম প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবারের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। একই সময়ে মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে থাকা নিম্নচাপ অঞ্চল, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ ছাড়া, উত্তর থাইল্যান্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। তার প্রভাবে আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখাও রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি বাড়তে পারে। তবে আপাতত বঙ্গোপসাগরের জন্য কোনও সতর্কতা জারি হয়নি।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও শনিবার দার্জিলিং-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সেখানে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ দিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।