চুরি গেল ইংল্যান্ড দলের অনুশীলনের সরঞ্জাম, বিপাকে টুখেলের শিবির!
বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে ইংল্যান্ড। হ্যারি কেনদের অনুশীলনের জন্য পাঠানো বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংল্যান্ড শিবিরে। প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে দলের মধ্যে।
বিশ্বকাপের জন্য আমেরিকার কানসাস সিটিকে ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড। সেখানেই চলছে দলের অনুশীলন ও প্রস্তুতি। প্রতিযোগিতা শুরুর আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির করেছিল দল। সেই শিবির থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আগেভাগেই কানসাস সিটিতে পাঠানো হয়েছিল, যাতে ফুটবলাররা পৌঁছেই প্রস্তুতি শুরু করতে পারেন।
কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, মিসৌরির সয়োপ সকার ভিলেজে সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় চুরির ঘটনা ঘটে। কয়েকটি গাড়ি থেকে অনুশীলনের বল, ফুটবলারের বুট এবং আরও বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী খোয়া যায়। যদিও মোট ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, দলের অধিনায়ক হ্যারি কেন এবং তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের কিছু বিশেষ বুটও হারিয়ে গিয়েছে। ফলে ম্যাচের ঠিক আগে নতুন জুতোর সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, অনুশীলনের বলের পাশাপাশি ম্যাসাজ টেবিল, হোয়াইটবোর্ড, ভিডিও বিশ্লেষণের সরঞ্জাম এবং অন্যান্য প্রশিক্ষণ-সংক্রান্ত সামগ্রীও নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই পরিস্থিতিতে সময় নষ্ট করতে রাজি নয় ইংল্যান্ড শিবির। এফএ দ্রুত বিকল্প ব্যবস্থা করেছে এবং নতুন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দলের অনুশীলন যাতে ব্যাহত না হয়, সেই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তবুও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের শুরুতে এমন ঘটনা স্বস্তিদায়ক নয়। বিশেষ করে প্রস্তুতির সূক্ষ্ম দিকগুলিতে যে ইংল্যান্ড গুরুত্ব দেয়, সেখানে এই চুরি বড়সড় বিঘ্ন হিসেবেই দেখা হচ্ছে। ইংল্যান্ড কোচ Thomas Tuchel এই ঘটনায় হতাশ বলে জানা গিয়েছে।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়াই ইংল্যান্ডের প্রধান লক্ষ্য। মাঠের লড়াই শুরুর আগেই অপ্রত্যাশিত এই সমস্যার মোকাবিলা করতে হচ্ছে কেন-বেলিংহ্যামদের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?