বিশ্বকাপ ফাইনালের আগে রেফারি চমক!!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে বড় ঘোষণা করল ফিফা। ১৯ জুলাই আর্জেন্টিনা ও স্পেনের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই ফুটবলমহলে আলোচনা শুরু হয়েছে, কারণ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের সময়ও ম্যাচের রেফারি ছিলেন তিনিই।
৪৬ বছর বয়সী ভিনচিচ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্লোভেনিয়ারই তোমাজ ক্লানচনিক এবং আন্দ্রাজ কোভিচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পেয়েছেন জর্ডনের আদহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য ভিনচিচের অভিজ্ঞতার উপরই ভরসা রাখা হয়েছে। তাঁর মতে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিরপেক্ষ ও দক্ষ পরিচালনার জন্য ভিনচিচই সবচেয়ে উপযুক্ত।
এটি ভিনচিচের দ্বিতীয় বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন। তার মধ্যে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর সেই বহুচর্চিত সৌদি আরব ম্যাচ, যেখানে লিওনেল মেসির দল ২-১ গোলে হেরে চমকে দিয়েছিল গোটা ফুটবল বিশ্বকে। যদিও সেই হার কাটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজ়িল বনাম মরক্কো এবং জর্ডন বনাম আলজেরিয়া ম্যাচে দায়িত্ব সামলানোর পাশাপাশি নকআউট পর্বে মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এবার তাঁর কাঁধেই থাকছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব।
স্পেনের ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও ভিনচিচের অভিজ্ঞতা কম নয়। ২০১৭ সালে কলম্বিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের ম্যাচে তাঁর যাত্রা শুরু। এরপর ইউরো ২০২০-এ স্পেন বনাম সুইডেন, ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন বনাম ইতালি এবং ইউরো ২০২৪-এ স্পেনের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁশি বাজিয়েছেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে ইউরো সেমিফাইনালও তাঁর তত্ত্বাবধানেই হয়েছিল।
বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের নিয়োগ তাই নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এক দিকে যেমন আর্জেন্টিনা সমর্থকদের মনে ফিরে এসেছে সৌদি আরব ম্যাচের স্মৃতি, অন্য দিকে স্পেনও আশা করছে অভিজ্ঞ এই রেফারির পরিচালনায় ফাইনাল হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও বিতর্কহীন। এখন নজর শুধু ১৯ জুলাইয়ের মহারণে— শেষ হাসি হাসবে মেসির আর্জেন্টিনা, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?