স্পেনের নায়ক ফেরান তোরেসের ম্যুরাল বিকৃত!
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে একমাত্র গোলটি করেছিলেন ফেরান তোরেস। সেই গোলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দেশের নতুন ফুটবল-নায়ক হিসেবে তাঁকে সম্মান জানাতে বার্সেলোনার এক দেওয়ালে আঁকা হয়েছিল বিশেষ ম্যুরাল। কিন্তু সেটি টিকল মাত্র ২৪ ঘণ্টা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ম্যুরালটি বিকৃত করে দেওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্পেনের সংবাদমাধ্যম দাইরিও এএস-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার গ্রাসিয়া এলাকায় বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট টিভিবয় বিশ্বকাপ জয়ের পর তোরেসকে নিয়ে ম্যুরালটি আঁকেন। সেখানে বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে দেখা যায় স্পেনের তারকাকে। তাঁর মাথায় থাকা একটি টুপিতে লেখা ছিল, “স্পেনকে আবার সেরা করেছি।”
কিন্তু সেই শিল্পকর্ম বেশিক্ষণ অক্ষত থাকেনি। মাত্র এক দিনের মধ্যেই সেটির উপর রং লাগিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, ম্যুরালের উপর বড় করে লেখা হয়, “আমরা কাতালানের জাতীয় দল চাই।”
এই লেখার পর থেকেই স্পষ্ট হয়েছে, ঘটনাটি শুধুমাত্র ভাঙচুর নয়, বরং রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। বার্সেলোনা কাতালোনিয়ার রাজধানী। দীর্ঘদিন ধরেই কাতালোনিয়ার একাংশ স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে। তাঁদের অনেকেরই মত, কাতালোনিয়ার নিজস্ব জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত।
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও সেই পুরনো রাজনৈতিক বিতর্ক ফের সামনে চলে এল। স্পেনের জাতীয় দলের সাফল্যকে ঘিরে যখন গোটা দেশ উৎসবে মেতেছে, তখন কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী দাবিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।
উল্লেখযোগ্য বিষয়, ফেরান তোরেস ক্লাব ফুটবলে বার্সেলোনারই ফুটবলার। ফলে যে শহরের ক্লাবের হয়ে তিনি খেলেন, সেই শহরেই তাঁর সম্মানে তৈরি ম্যুরাল বিকৃত হওয়ায় ঘটনাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্বকাপ জয় স্পেনকে এক সূত্রে বেঁধে দিলেও, কাতালোনিয়ার রাজনৈতিক বাস্তবতা যে এখনও বদলায়নি, ফেরান তোরেসের ম্যুরাল ঘিরে এই ঘটনাই যেন তার নতুন প্রমাণ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?