বিশ্বকাপ জিতলেই মিলবে নতুন সম্মান!!
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার যোগ হতে চলেছে এক নতুন ঐতিহ্য। ১৯ জুলাই ফাইনালে যে দল বিশ্বচ্যাম্পিয়ন হবে, তারা শুধু ট্রফি ও সোনার পদকই নয়, পাবে বিশেষ ‘ফিফা চ্যাম্পিয়নশিপ রিং’। এই অনন্য স্মারক আংটি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও কোচিং স্টাফদের হাতে।
আমেরিকার এনবিএ, এনএফএল এবং অন্যান্য পেশাদার ক্রীড়া লিগে বহু বছর ধরেই চ্যাম্পিয়ন দলকে বিশেষ আংটি উপহার দেওয়ার রীতি রয়েছে। সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে একই সম্মান চালু করছে ফিফা। যেহেতু এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হচ্ছে, তাই উত্তর আমেরিকার এই ক্রীড়া সংস্কৃতির ছাপও দেখা যাচ্ছে নতুন উদ্যোগে।
ফিফার ঘোষণা অনুযায়ী, মোট ২,০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের ফুটবলার, কোচ এবং গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য। বাকি আংটিগুলি ফিফার সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বিক্রির উদ্দেশ্যে বাজারে আনা হবে।
আংটির নকশাতেও থাকছে বিশেষত্ব। এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতীক, অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয়, রং এবং প্রতীকচিহ্ন। খেলোয়াড় ও কোচদের জন্য তৈরি আংটিগুলিতে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। ফিফা প্রত্যেক প্রাপকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে চূড়ান্ত আংটি তৈরি করবে।
ফাইনালের দিন পুরস্কার বিতরণী মঞ্চে অবশ্য আসল আংটি নয়, একটি প্রতীকী (অস্থায়ী) রিং তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও কোচের হাতে। পরে সবার আঙুলের মাপ নিয়ে ব্যক্তিগতভাবে তৈরি করা আসল চ্যাম্পিয়নশিপ রিং আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হবে।
এবারের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, অন্যদিকে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে। যে দলই ট্রফি জিতুক, তারাই ইতিহাসে প্রথম ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ফিফার এই নতুন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ পাওয়ার গৌরব অর্জন করবে।
ফুটবল ইতিহাসে নতুন এই সংযোজন বিশ্বকাপ জয়ের স্মৃতিকে আরও বিশেষ করে তুলবে। একই সঙ্গে সমর্থকদের জন্যও খুলে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নের স্মারক আংটি সংগ্রহ করার এক নতুন সুযোগ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?