বিশ্বকাপে ফের ভিসা বিতর্ক, আমেরিকায় ঢুকতে না পেরে মেক্সিকোয় আটকে!
ফিফা বিশ্বকাপ চলাকালীন ভিসা-সংক্রান্ত জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সাধারণ সমর্থকদের পাশাপাশি এ বার সমস্যার মুখে পড়েছেন আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজুব এখনও মার্কিন ভিসা না পাওয়ায় মেক্সিকোয় আটকে রয়েছেন।
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকায় প্রবেশের অনুমতি না মেলায় তিনি বর্তমানে মেক্সিকোতেই অবস্থান করছেন। শুধু রাজুব নন, বিভিন্ন দেশের আরও কয়েক জন আমন্ত্রিত অতিথি এবং ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উপস্থিত ছিলেন রাজুব। ফিফার তরফে বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশনও তাঁর হাতে রয়েছে। তবুও আমেরিকায় প্রবেশের অনুমতি মেলেনি। বিষয়টি আরও বিস্ময়কর কারণ অতীতেও একাধিক বার তিনি সহজেই মার্কিন ভিসা পেয়েছেন এবং সে দেশে সফর করেছেন।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজুব বলেন, পরিস্থিতি অত্যন্ত বিভ্রান্তিকর। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়ার পরও কেন এমন বাধার মুখে পড়তে হচ্ছে, তা তাঁর বোধগম্য নয়।
রাজুবের বক্তব্য, “বিশ্ব ফুটবলের সঙ্গে যুক্ত মানুষদের অধিকার এ ভাবে সীমাবদ্ধ করা উচিত নয়। খেলাধুলা মানুষকে একত্রিত করার মাধ্যম, সেখানে এ ধরনের প্রশাসনিক বাধা হতাশাজনক।”
প্যালেস্তাইন এ বারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ফিফার নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলির ফুটবল সংস্থার প্রধানদের বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেই সূত্রেই বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোয় গিয়েছিলেন রাজুব। কিন্তু কবে তিনি আমেরিকায় প্রবেশের অনুমতি পাবেন, তা এখনও অনিশ্চিত।
বিশ্বকাপ ঘিরে ভিসা-সংক্রান্ত বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ইতিমধ্যেই বিভিন্ন দেশের বহু সমর্থক অভিযোগ করেছেন যে তাঁরা সময়মতো মার্কিন ভিসা পাননি। ফলে খেলা দেখার পরিকল্পনা ভেস্তে গিয়েছে।
সম্প্রতি আরও একটি ঘটনা আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলে। সোমালিয়ার এক রেফারিকে আমেরিকায় প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত নিয়েও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল।
ফলে বিশ্বকাপের মাঠে ফুটবল যতই উত্তেজনা ছড়াক, মাঠের বাইরের ভিসা-জটিলতা আয়োজকদের জন্য ক্রমশ বড় অস্বস্তির কারণ হয়ে উঠছে। বহু পর্যবেক্ষকের মতে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে অংশগ্রহণকারী অতিথি, কর্মকর্তা ও সমর্থকদের জন্য আরও স্বচ্ছ ও দ্রুত ভিসা-প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?