বিশ্বকাপের আগে ভারতের হকি দলে বড় বদল!
ভারতীয় হকির ইতিহাসে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের পরিচিত নীল জার্সিকে বিদায় জানিয়ে এবার গেরুয়া রঙের নতুন জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে নামবে ভারতের পুরুষ ও মহিলা হকি দল। আসন্ন ২০২৬ হকি বিশ্বকাপেই প্রথমবার এই নতুন জার্সিতে খেলতে দেখা যাবে অধিনায়ক হরমনপ্রীত সিংহদের।
ভারতের হকি সংস্থা ইতিমধ্যেই সমাজমাধ্যমে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে। সংস্থার দাবি, গেরুয়া রং সাহস, ত্যাগ ও জয়ের প্রতীক। জাতীয় পতাকা এবং উদীয়মান সূর্য থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন তৈরি করা হয়েছে। যদিও ঐতিহ্যের কথা মাথায় রেখে জার্সিতে নীল রঙের ছোঁয়াও রাখা হয়েছে।
ভারতের অধিকাংশ দলগত খেলায় নীল জার্সিই বহু বছর ধরে দেশের পরিচয় বহন করেছে। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমস— প্রায় সব ক্ষেত্রেই ‘টিম ইন্ডিয়া ব্লু’ ছিল পরিচিত রং। সেই প্রথা ভেঙে হকি দলের এই পরিবর্তন স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
১৪ থেকে ৩০ অগস্ট পর্যন্ত নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ হকি বিশ্বকাপ। বিশেষত্ব হল, এবার একই সময়ে একই ভেন্যুতে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে।
পুরুষদের বিভাগে ভারত রয়েছে ডি গ্রুপে। ১৫ অগস্ট ওয়েলসের বিরুদ্ধে অভিযান শুরু করবে তারা। এরপর ১৭ অগস্ট ইংল্যান্ড এবং ১৯ অগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তিনটি ম্যাচই হবে নেদারল্যান্ডসে।
অন্যদিকে, ভারতের মহিলা দলও রয়েছে ডি গ্রুপে। তাদের প্রথম ম্যাচ ১৬ অগস্ট চিনের বিরুদ্ধে। এরপর ১৮ অগস্ট দক্ষিণ আফ্রিকা এবং ২০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। পুরুষদের মতো একই ফরম্যাটে অনুষ্ঠিত হবে মহিলাদের প্রতিযোগিতাও। চারটি গ্রুপের সেরা দুই দল দ্বিতীয় পর্বে উঠবে, যেখানে আটটি দলকে আবার দুটি গ্রুপে ভাগ করে নকআউটের লড়াইয়ের রাস্তা তৈরি হবে।
বিশ্বকাপের আগে শুধু জার্সির রং নয়, ভারতের হকি দলের পরিচিতিতেও যেন নতুন মাত্রা যোগ হল। এখন দেখার, নতুন রঙে নতুন সূচনা মাঠের পারফরম্যান্সেও কতটা সফলতা এনে দিতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?