বিয়ের আট মাসের মাথায় মা হওয়ার গুঞ্জন!
টেলিভিশনের পর্দায় কখনও নায়কের বোন, কখনও দিদি— এমন নানা চরিত্রে পায়েল দেবকে দর্শকরা চেনেন বহু দিন ধরেই। প্রায় পনেরো বছরের অভিনয়যাত্রায় ছোটপর্দার অঙ্গ হয়ে উঠেছেন তিনি। তবে বিয়ের পর থেকে পায়েলকে আর খুব একটা দেখা যায়নি। আর সেই কারণেই ইদানীং টলিপাড়ায় ভেসে বেড়াচ্ছে নতুন গুঞ্জন— বিয়ের মাত্র আট মাসের মধ্যেই কি মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
২০২৪ সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পায়েল। ‘রাঙা বউ’ ধারাবাহিকে সীমন্তিনী শীলের চরিত্রে অভিনয়ের পর থেকেই তাঁকে আর কোনও বড় কাজ করতে দেখা যায়নি। এই অনুপস্থিতিই জল্পনা বাড়িয়ে তুলেছে। অনুরাগীদের অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক ছবিতে তাঁকে দেখে সন্তানসম্ভবা মনে হয়েছে।
কিন্তু পায়েলের জবাব স্পষ্ট। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, খবরগুলো একেবারেই ভুয়ো। এখনই পরিবার পরিকল্পনা করার কোনও প্রশ্নই ওঠে না। তিনি বরং ব্যস্ত শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টায়। পায়েলের কথায়, “ভুয়ো খবর রটছে। এসবের কোনও পরিকল্পনা নেই।”
অভিনেত্রী আরও জানিয়েছেন, বিয়ের আট মাস কেটে গেলেও এখনও মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাঁদের। কাজের চাপ আর নতুন সংসার সামলানোর মধ্যেই সময় কেটে যাচ্ছে। হাতে এখন তেমন কোনও বড় কাজও নেই। কিছু নতুন চরিত্রের প্রস্তাব এলেও, কোনওটাই তাঁর মনের মতো হয়নি। দর্শকেরা তাঁকে এত দিন দিদি বা বোনের ভূমিকাতেই দেখে অভ্যস্ত, কিন্তু পায়েল চান একটু ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে।
তাঁর মতে, অভিনয়জীবনের শুরুতে যদি নিজেকে নিয়ে আরও সিরিয়াস হতেন, তবে হয়তো ক্যারিয়ার আরও উঁচুতে উঠত। তবে এখন তিনি মুখ্য চরিত্রের দিক থেকে সরে গিয়ে চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ করতে আগ্রহী। বয়স আর সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। টেলিপাড়ায় বর্তমানে মুখ্য চরিত্রে বেশি করে সুযোগ পাচ্ছেন ২০-২২ বছরের তরুণীরা। পায়েল তাই চাইছেন অভিজ্ঞতার জায়গা থেকে অন্যরকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।