বারান্দায় টবেই লিচু গাছ!
গ্রীষ্মের জনপ্রিয় ফল লিচু—গাছ থেকে সরাসরি পেড়ে খাওয়ার যে আনন্দ, তা সত্যিই আলাদা। কিন্তু বড় বড় লিচুর গাছ সাধারণত অনেক জায়গা নেয়, তাই অনেকের বাড়িতে বাগান না থাকায় লিচু গাছ লাগানো হয়ে ওঠে না। কিন্তু জানেন কি, ছোট্ট টবেও লিচু গাছ ফলানো সম্ভব? হ্যাঁ, সঠিক যত্ন ও কৌশল মানলে বারান্দার টবেই আপনি ঘরে লিচু গাছ লাগাতে পারেন এবং সেই গাছ থেকে সরাসরি লিচু তুলেও খেতে পারবেন।
লিচুর চারা নির্বাচন করুন সতর্কতার সঙ্গে
লিচু গাছ বীজ থেকে বড় হতে অনেক সময় নেয় এবং খাটনিও বেশ। তাই ভালো মানের চারা কিনে আনা বাঞ্ছনীয়, বিশেষ করে প্রমাণিত নার্সারি থেকে। ভালো চারা হলে গাছের বৃদ্ধি ও ফলনও ভালো হয়।
টবের সঠিক নির্বাচন জরুরি
লিচু গাছের জন্য টব অবশ্যই শক্তপোক্ত ও বড় হতে হবে। ছোট বাচ্চা গাছের জন্য ১০-১২ ইঞ্চি ব্যাসের টব যথেষ্ট, কিন্তু গাছ বড় হলে ১৮ থেকে ২৪ ইঞ্চি ব্যাসের টব দরকার হয়। বড় টবে গাছের শিকড় ভালোমতো বিকাশ পায়, ফলে ফলও বেশি হয়।
মাটি বাছাই ও প্রস্তুতি
লিচু গাছ ভালো ফলানোর জন্য মাটি খুব গুরুত্বপূর্ণ। ৪০ শতাংশ বাগানের মাটির সঙ্গে ৪০ শতাংশ ভার্মি কম্পোস্ট, ১০ শতাংশ বালিমাটি এবং ১০ শতাংশ ধানের চিটে মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এতে শস্য এবং জলধারণের ক্ষমতা বাড়ে। এছাড়া এক মুঠো নিম ও সর্ষের খোলাও মাটিতে মিশিয়ে দিলে পোকামাকড় দূরে থাকে এবং গাছ শক্তিশালী হয়।
চারা লাগানোর পদ্ধতি
টবে চারা লাগানোর সময় একটু বড় করে গর্ত খুঁড়ে চারা বসাতে হবে। গাছ বসানোর পর হালকা জল দিতে ভুলবেন না। নিয়মিত জল দেওয়া দরকার, তবে বেশি জল জমে গেলে শিকড় পচে যেতে পারে। তাই টবের নীচে ভাল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন এবং বৃষ্টির পানি জমতে দেবেন না।
সার ও যত্ন
গাছকে নিয়মিত সার দিতে হবে। বছরে চারবার অন্তত জৈব সার প্রয়োগ করলে গাছ ভালো থাকবে। নিম খোল, সর্ষের খোল ছাড়াও হাড় গুঁড়ো ও সিং কুচির মতো সার গাছের বৃদ্ধিতে সাহায্য করে।
ছাঁটাই করাও জরুরি
গাছের ডালপালা ছাঁটতে হবে নিয়মমতো। পুরনো ও মরা ডাল কেটে ফেললে গাছ নতুন ডালপালা নিয়ে আসে এবং ফল ধরার সম্ভাবনা বাড়ে। ছাঁটাই করলে গাছ অতিরিক্ত লম্বা হয় না, পাশাপাশি শাখাগুলো ঘন হয়, যা ফলন বাড়ায়।
গ্রীষ্মের গন্ধ ছড়িয়ে দেবে আপনার বারান্দা, আর ছেলেমেয়েদেরও দিবে গাছ থেকে ফল পাড়ার মজার অভিজ্ঞতা। সঠিক যত্ন ও ধৈর্য্য নিয়ে লিচু গাছ বাড়িতে টবেই ফলানো সম্ভব—যা ঘরের ছোট্ট বাগানের সৌন্দর্য বাড়াবে অনেক। তাই আজই প্রস্তুতি শুরু করুন, আর শীঘ্রই তাজা লিচুর স্বাদ উপভোগ করুন!
‘দেশি অস্ত্রেই জয়ের গল্প’ — ‘মন কি বাত’-এ মোদীর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরা