বাংলার গর্বে নতুন পালক: পদ্মশ্রীতে প্রসেনজিৎ, সম্মানিত আরও ১০ বাঙালি

বাংলার গর্বে নতুন পালক! সোমবার সাধারণতন্ত্র দিবস। তার ঠিক আগের দিন, রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। এ বছর সারা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানে ভূষিত…

January 26, 2026
0 min read

বাংলার গর্বে নতুন পালক!

সোমবার সাধারণতন্ত্র দিবস। তার ঠিক আগের দিন, রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। এ বছর সারা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। তার মধ্যে বাংলা থেকে জায়গা করে নিয়েছেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—যা নিঃসন্দেহে বাঙালির জন্য এক আবেগের মুহূর্ত।

দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে প্রসেনজিৎ শুধু টলিউডের সুপারস্টার নন, তিনি বাংলা সিনেমারই এক প্রতীক। মাত্র ছয় বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। ষাটের দশকে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ, আশির দশকে নিয়মিত কাজ এবং ১৯৮৭ সালে ‘অমর সঙ্গী’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে প্রতিষ্ঠা—এই দীর্ঘ পথচলায় তিনি বারবার নিজেকে ভেঙে গড়েছেন। বলিউডে কাজের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাকেই নিজের প্রধান কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরে ‘সাংহাই’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে নতুন অধ্যায় শুরু হলেও, আজও তিনি সমান তালে টলিউড ও বলিউড—দু’জায়গাতেই সক্রিয়।

প্রসেনজিতের পাশাপাশি এ বছর বাংলার আরও ১০ জন পাচ্ছেন পদ্মশ্রী। শিল্পকলায় মরণোত্তর সম্মানে ভূষিত হলেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়—বালুরঘাটের নাট্য আন্দোলনের অন্যতম দিশারী। সংগীতজগতে সম্মান পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাশিল্পী কুমার বসু এবং প্রবীণ সন্তুরশিল্পী তরুণ ভট্টাচার্য। লোকশিল্প ও কারুশিল্পে স্বীকৃতি পেলেন কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় এবং তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, যিনি বাংলার মসলিন ও জামদানি পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন অশোককুমার হালদার, যিনি সাঁওতালি সাহিত্য ও শিক্ষার প্রসারে নিরলস কাজ করেছেন। একই ধারায় সম্মানিত হচ্ছেন সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু এবং গবেষক মহেন্দ্রনাথ রায়। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন কলকাতার বিশিষ্ট হৃদ্‌রোগ চিকিৎসক সরোজ মণ্ডল।

উল্লেখযোগ্য বিষয়, এ বছর পদ্মবিভূষণ বা পদ্মভূষণের তালিকায় বাংলা থেকে কোনও নাম নেই। তবু পদ্মশ্রীর এই তালিকা প্রমাণ করে—চলচ্চিত্র, নাটক, সংগীত, সাহিত্য, শিল্পকলা থেকে চিকিৎসা—নিজ নিজ ক্ষেত্রে বাংলার অবদান আজও জাতীয় স্তরে সমানভাবে স্বীকৃত। এই সম্মান শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, বাংলার সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যেরই জয়গান।

বেজিঙে অস্বস্তির ঝড়: শি জিনপিংয়ের ঘনিষ্ঠের বিরুদ্ধেই পরমাণু গোপন তথ্য পাচারের অভিযোগ

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *