বর্ষার দিনে রায় পরিবারে নতুন অতিথি!!
সকাল থেকেই টানা বৃষ্টি। শহরের ব্যস্ততা যখন বৃষ্টির জলে কিছুটা থমকে, ঠিক সেই সময়ই অনুপম রায় ও প্রস্মিতা পালের জীবনে এল এক নতুন অধ্যায়। সোমবার দুপুরে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সমাজমাধ্যমে নিজেই সুখবরটি জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন অনুপম।
অনুপম রায় তাঁর পোস্টে লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।” খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভরে যায় তাঁদের সমাজমাধ্যমের পাতা।
মা ও ছেলে দু’জনেই ভাল
সুখবরের পর অনুপমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কণ্ঠে স্পষ্ট ছিল নতুন অতিথিকে ঘিরে আনন্দ। শিল্পী জানান, মা ও ছেলে দু’জনেই ভাল আছেন। হাসপাতাল থেকে খুব বেশি কথা বলার পরিস্থিতি না থাকলেও বাবা হওয়ার আনন্দ যে তাঁকে আপ্লুত করেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।
সোমবার দুপুরেই তাঁদের জীবনে এসেছে নতুন অতিথি। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে কাছে পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অনুপম ও প্রস্মিতা।
অন্তঃসত্ত্বা হওয়ার খবরও ছিল আড়ালে
অনুপম এবং প্রস্মিতা বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই প্রস্মিতা মা হতে চলেছেন—এই খবরও তাঁরা প্রকাশ্যে আনেননি। এমনকি অনুরাগীদের একটা বড় অংশও আগে থেকে কিছু জানতে পারেননি।
কাজের বাইরে প্রস্মিতাকেও খুব বেশি প্রকাশ্যে দেখা যায় না। ফলে আচমকাই তাঁদের বাবা-মা হওয়ার খবর সামনে আসায় স্বাভাবিক ভাবেই বিস্মিত অনুরাগীরা।
পেশাগত সম্পর্ক থেকে প্রেম, তার পর বিয়ে
অনুপম ও প্রস্মিতার পরিচয় বহু বছরের। শুরুতে তাঁদের সম্পর্ক ছিল মূলত পেশাগত। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে, পরে প্রেমে। তবে তাঁদের প্রেমের খবরও দীর্ঘ সময় ব্যক্তিগতই ছিল।
২০২৪ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের খবরও অনেকটা আচমকাই প্রকাশ্যে এসেছিল। এ বার তাঁদের জীবনে সন্তানের আগমনের খবরও এল একই ভাবে।
অনুপম-প্রস্মিতার জীবনে নতুন সদস্য আসার খবর পেয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগী ও সহকর্মীরা। ব্যস্ত সঙ্গীতজীবনের মাঝেই নতুন বাবা-মায়ের জীবনে এখন নিঃসন্দেহে শুরু হল একেবারে নতুন সুরের অধ্যায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।