বর্ষায় পচে না গিয়ে বাঁচুক সাধের গাছ!
বর্ষার টানা বৃষ্টি যেমন প্রকৃতিকে সতেজ করে তোলে, তেমনই বাড়ির সাধের বাগানের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক বিপদের কারণ। জলবন্দি হয়ে থাকা গাছের শিকড় দ্রুত পচে যেতে পারে। দীর্ঘক্ষণ অতিরিক্ত আর্দ্রতা গাছের বৃদ্ধির স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়, এমনকি ফল-ফুল দেওয়া উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটায়। তাই এই ঋতুতে চাই বাড়তি সচেতনতা আর কিছু সহজ কিন্তু কার্যকরী কৌশল, যাতে বর্ষার শেষে আপনার বাগান থাকে ঠিক ততটাই সবুজ ও প্রাণবন্ত।
বর্ষায় সবচেয়ে বড় সমস্যা হয় জমা জল। তাই প্রথমেই নিশ্চিত হতে হবে যে গাছ লাগানোর জায়গায় পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে কি না। জল জমে থাকলে মাটির ভেতরের পুষ্টিগুণ নষ্ট হয়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। তাই মাটি যেন অতিরিক্ত জল আটকে না রাখে, সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বাগানে ড্রেনেজ তৈরি করুন অথবা উঁচু বেডে গাছ লাগান, যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে।
শক্ত শিকড়যুক্ত গাছ যেমন তুলসী, গন্ধরাজ বা লেবু জাতীয় উদ্ভিদ বর্ষায় বাঁচতে পারে তুলনায় সহজে। পাশাপাশি ঘাস বা ঝোপ জাতীয় গাছ লাগালে বাগানের মাটি আরও মজবুত থাকে, যা অন্য গাছগুলিকেও সুরক্ষা দেয়। ঝড়ের সময় গাছ যাতে হেলে না পড়ে, তার জন্য চারপাশে বাঁশ বা কাঠের সাহায্যে সাপোর্ট দেওয়া জরুরি।
এই সময়ে নিয়মিত মালচিং করা খুবই কার্যকর। গাছের গোড়ার মাটি ঢেকে দিলে তা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং শিকড়কে পচনের হাত থেকে রক্ষা করে। শুকনো পাতা, নারকেলের খোল, ছাল, এমনকি প্লাস্টিকের পাতাও ব্যবহার করা যায় মালচিংয়ের জন্য। এতে মাটির ক্ষয়ও কম হয়।
বর্ষায় বাগানে পড়ে থাকা শুকনো ডালপালা বা ঝোপঝাড় সময়মতো ছাঁটাই করা প্রয়োজন। এগুলি বৃষ্টির জলে নরম হয়ে গিয়ে ছত্রাকের উৎস হতে পারে, যা সুস্থ গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। ঝড়বৃষ্টিতে এই শুকনো ডাল উড়ে গিয়ে অন্য গাছকে আঘাত করতেও পারে।
অল্পবয়সী বা দুর্বল গাছগুলিকে বিশেষভাবে সুরক্ষা দিতে হবে। স্বচ্ছ প্লাস্টিকের ‘গার্ডেন ক্লোচ’ ব্যবহার করলে গাছ রোদ বা আলো পায়, কিন্তু অতিরিক্ত জল সরাসরি পড়ে না। টবে থাকা গাছগুলি প্রয়োজন অনুযায়ী বারান্দা বা ছাদের শেডে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সব শেষে, আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা অভ্যাসে পরিণত করুন। ঝড় বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে আগেভাগে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেই আপনি বাঁচাতে পারবেন আপনার সবুজ সখের বাগান।