বরফ নয়, গ্লাসে মানুষের পায়ের আঙুল!
ককটেলের গ্লাসে বরফ, লেবু কিংবা অন্য কোনও উপকরণ থাকাটাই স্বাভাবিক। কিন্তু যদি সেই গ্লাসে বরফের বদলে থাকে মানুষের আসল পায়ের একটি আঙুল? শুনতে অবিশ্বাস্য লাগলেও কানাডার ইউকন অঞ্চলের ডসন সিটিতে এমনই এক অদ্ভুত পানীয়ের প্রচলন রয়েছে। নাম ‘সাওয়ারটো ককটেল’।
ডসন সিটির সাওয়ারডো স্যালোঁ-তে পরিবেশিত এই পানীয় মূলত ৮০-প্রুফ অ্যালকোহলের সঙ্গে তৈরি করা হয়। ঐতিহ্যগত ভাবে এতে ইউকন জ্যাক ব্যবহার করা হলেও হুইস্কি, রাম বা টাকিলাও ব্যবহার করা যেতে পারে। তবে পানীয়টির সবচেয়ে চমকপ্রদ উপকরণ হল একটি সংরক্ষিত মানুষের পায়ের আঙুল।
নিয়মটিও বেশ অদ্ভুত। পানীয়টি শেষ করার সময় পানকারীর ঠোঁটকে ওই আঙুলটি স্পর্শ করতেই হবে। আঙুলটি খাওয়ার নিয়ম নেই। এই ‘সাহসিকতা’ দেখাতে পারলেই মেলে সাওয়ারটো ককটেল ক্লাবের সদস্যপদ।
তবে ভুল করে আঙুলটি গিলে ফেললে কিন্তু বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। প্রচলিত নিয়ম অনুযায়ী, এমন ঘটনা ঘটলে জরিমানা ২,৫০০ কানাডীয় ডলার পর্যন্ত হতে পারে।
কী ভাবে শুরু হল এই অদ্ভুত ঐতিহ্য?
সাওয়ারটো ককটেলের গল্পের শুরু ১৯২০-এর দশকে। প্রবল তুষারঝড়ের মধ্যে চোরাচালানকারী দুই ভাই লুই ও অটো লিঙ্কন বিপদে পড়েছিলেন। তুষারক্ষতের কারণে লুইয়ের পায়ের আঙুলে গুরুতর ক্ষত তৈরি হয় এবং শেষ পর্যন্ত সেটি কেটে ফেলতে হয়। পরে আঙুলটি অ্যালকোহলের একটি পাত্রে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
প্রায় ৫০ বছর পরে, ১৯৭৩ সালে ক্যাপ্টেন ডিক স্টিভেনসন একটি প্রত্যন্ত কেবিনে সেই সংরক্ষিত আঙুলটি খুঁজে পান। সেখান থেকেই জন্ম নেয় সাওয়ারটো ককটেল ক্লাবের অদ্ভুত ঐতিহ্য।
তবে আসল আঙুলটি বেশি দিন টেকেনি। ১৯৮০ সালে এক ব্যক্তি ককটেল পান করার সময় দুর্ঘটনাবশত সেটি গিলে ফেলেন। এরপর থেকে একাধিক সংরক্ষিত আঙুল ব্যবহার করা হয়েছে। কিছু হারিয়েছে, আবার কিছু চুরিও হয়েছে।
এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ প্রাক্তন নৌসেনা কমান্ডো নিক গ্রিফিথসের ঘটনাও। ২০১৮ সালে তুষারক্ষতের কারণে তাঁর তিনটি পায়ের আঙুল বাদ দিতে হয়। পরে ২০১৯ সালে তিনি নিজের সংরক্ষিত আঙুল দিয়ে তৈরি সাওয়ারটো ককটেল পান করেন। নিজের হারানো শরীরের অংশ দিয়েই অদ্ভুত এই পানীয়ের নিয়ম পালন করে তৈরি করেন এক বিরল নজির।
আজও ডসন সিটির এই ককটেল বিশ্বের অন্যতম বিচিত্র পানীয়-অভিজ্ঞতা হিসেবে পর্যটকদের আকর্ষণ করে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।