পাঁঠার মাংস মানেই দীর্ঘ রান্না নয়!
ছুটির দিন মানেই অনেকের বাড়িতে পাঁঠার মাংসের আয়োজন। কিন্তু একথা ভাবলেই যেন কানে ভেসে আসে কড়াইয়ের ঝাঁঝালো শব্দ আর মনে পড়ে রান্নাঘরে দেড় ঘণ্টার লম্বা ডিউটির কথা। মশলা বাটা, মাংস কষানো—সব মিলিয়ে ব্যাপারটা হয়ে দাঁড়ায় রীতিমতো এক প্রকল্প! আর অফিস-স্কুলের ব্যস্ততার মাঝে তো সেটা একেবারেই সম্ভব নয়। তবে যদি বলি, এমন এক রেসিপি আছে যাতে পাঁঠার মাংস রান্না করতে লাগবে না অত সময়, লাগবে না অনেক মশলাও?
পরিচয় করিয়ে দিচ্ছি “মাংসের নাগা ভর্তা”-র সঙ্গে। নাম শুনে যেমন নাগাল্যান্ডের কথা মনে পড়ে, রেসিপিটিও সেই দিক থেকেই অনুপ্রাণিত। তবে বাংলার রান্নাঘরে এখন এই পদ বেশ চেনা, খেতে যেমন দুর্দান্ত, তৈরি করাও ততটাই সহজ।
কী কী লাগবে?
- পাঁঠার মাংস – ৫০০ গ্রাম
- আদা কুচি – ২ টেবিল চামচ
- রসুন কুচি – ২ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি – ৫টি মাঝারি মাপের
- টম্যাটো – ১টি, মাঝারি মাপের (টুকরো করে কাটা)
- কাঁচা লঙ্কা – ৮-১০টি (ঝাল কম বেশি করতে সংখ্যায় হেরফের করতে পারেন)
- ধনেপাতা কুচি – ৩-৪ টেবিল চামচ
- তেল – ৪-৫ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
কীভাবে বানাবেন?
১. প্রথমে মাংসটা সেদ্ধ করে নিন প্রেসার কুকারে। অর্ধেক সেদ্ধ হলে ঢাকনা খুলে ৪-৫টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার চাপ দিন, পুরোটা সেদ্ধ করে নিন।
২. সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মাংস হাড় থেকে ছাড়িয়ে নিন (হাড় ছাড়া মাংস কিনলে এই ধাপ সহজ হয়)। এরপর সেই মাংস মিক্সিতে হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন, বা কাঁটা চামচ দিয়ে মিহি করে ছিঁড়ে নিন।
3. এবার কড়াইয়ে তেল গরম করে দিন পেঁয়াজ কুচি। হালকা বাদামি রং ধরলে দিন আদা ও রসুন কুচি। কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো ও বাকি কাঁচা লঙ্কা দিয়ে দিন।
4. টম্যাটো নরম হয়ে গেলে দিয়ে দিন ছেঁড়া মাংস আর স্বাদমতো নুন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন ভালভাবে। মাঝারি আঁচে ১০ মিনিট মতো কষান।
5. শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিন। ব্যস!
পরিবেশনের কায়দা:
এই সুস্বাদু নাগা ভর্তা গরম ভাত আর এক চামচ ঘির সঙ্গে পরিবেশন করুন। চাইলে পাশে কয়েকটি কাঁচা লঙ্কাও রাখতে পারেন, স্বাদ বাড়বে দ্বিগুণ।
টিপস:
রেসিপিটি যেহেতু ঝাল স্বাদের, তাই কাঁচা লঙ্কার পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী ঠিক করে নিন। আর সবচেয়ে বড় কথা—এই রান্নায় নেই কোনও মশলা বাটার ঝক্কি, নেই ঘণ্টার পর ঘণ্টা রান্নার ধকল।
কম সময়ে, কম পরিশ্রমে তৈরি এই মাংসের নাগা ভর্তা আজই একবার ট্রাই করে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে—এটা নিশ্চয়তা!
ভারত-পাকিস্তান সংঘাতে মিথ্যাচারের তৎপরতা: ভুয়ো খবরকে হাতিয়ার করছে পাকিস্তান