পরের বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন কোহলি!
২০২৭ সালের এক দিনের বিশ্বকাপকে ঘিরে বিরাট কোহলি এবং রোহিত শর্মার লক্ষ্য পরিষ্কার। দু’জনেই আরও এক বার বিশ্বকাপের মঞ্চে ভারতের জার্সিতে নামতে চান। তবে কোহলি জানিয়ে দিয়েছেন, পরের বিশ্বকাপই তাঁর শেষ। আর রোহিতের সামনে রয়েছে আগের বিশ্বকাপের ফাইনালের আক্ষেপ মুছে ফেলার সুযোগ।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগে সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কথা বলেছেন কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে নামাকে নিজের অন্যতম প্রধান প্রেরণা বলে জানিয়েছেন তিনি। তাঁর লক্ষ্যও একেবারে পরিষ্কার—দেশকে বিশ্বকাপ জেতাতে নিজের সেরাটা উজাড় করে দেওয়া।
কোহলির কথায়, পরের বছর ভারতের হয়ে শেষ বার বিশ্বকাপ খেলবেন তিনি। বিশ্বকাপ জেতাই তাঁর প্রধান স্বপ্ন এবং দলের প্রয়োজন অনুযায়ী যা কিছু করার দরকার, তার জন্য তিনি প্রস্তুত।
এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন কোহলি। চলতি বছরের নভেম্বরে ৩৮ বছরে পা দেবেন তিনি। ২০২৭ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৯। সেই কারণেই পরের বিশ্বকাপের পর আর বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে বলে মনে করছেন না ভারতীয় তারকা।
বিশ্বকাপের কঠিন সূচির কথাও উল্লেখ করেছেন কোহলি। তাঁর মতে, দ্বিপাক্ষিক সিরিজ়ে টি-টোয়েন্টির মতো দ্রুত গতির একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। একটি বড় প্রতিযোগিতায় টানা ম্যাচে একই রকম মনোযোগ এবং শারীরিক সক্ষমতা ধরে রাখতে হয়। তার উপর বিদেশের মাটিতে খেলা হলে চ্যালেঞ্জ আরও বাড়ে। তাই নিজের শরীরের প্রতিটি শক্তি কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে চান তিনি।
অন্য দিকে, রোহিত শর্মার কাছেও ২০২৭ সালের বিশ্বকাপ বিশেষ গুরুত্বপূর্ণ। নিজের কেরিয়ার শেষ হয়ে আসছে—এমন ভাবনা তাঁর মাথায় নেই বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যত দিন খেলছেন, তত দিনই নতুন অনুপ্রেরণা খুঁজে নেওয়ার কথা বলেছেন তিনি।
রোহিতের কথায়, তিনি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছেন। কী হবে, তা সময়ই বলবে। তবে আইসিসি-র বিশ্বকাপ যে অন্য ধরনের চ্যালেঞ্জ, সেটি তিনি ভাল ভাবেই জানেন।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আলাদা মাঠে এবং আলাদা পরিস্থিতিতে খেলতে হয়। সেই কারণে প্রস্তুতি এবং পরিকল্পনাতেও বদল আনতে হয় বলে জানিয়েছেন রোহিত। তাঁর কাছে এই প্রতিযোগিতার চ্যালেঞ্জ অন্য যে কোনও সিরিজ়ের তুলনায় আলাদা।
২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও রোহিতের কেরিয়ারে বড় অধ্যায়। এ বার আরও এক বার বিশ্বকাপের মঞ্চে উঠে সেই আক্ষেপের জায়গা বদলাতে চান তিনি। অন্য দিকে, কোহলির সামনে রয়েছে শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার লক্ষ্য। দু’জনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও ২০২৭ সালের বিশ্বকাপ ঘিরে তাঁদের ইচ্ছা আপাতত স্পষ্ট।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।