শুভমনের নেতৃত্বে আস্থা কোহলির!
টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলির ক্রিকেটজীবন এখন সীমাবদ্ধ এক দিনের আন্তর্জাতিকেই। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বের প্রশংসা করলেন প্রাক্তন অধিনায়ক। একই সঙ্গে জানালেন, ক্রিকেটজীবনের এই পর্যায়ে এসে তাঁর প্রধান লক্ষ্য এখন নিজের ব্যাটিং উপভোগ করা।
শুভমনের নেতৃত্ব নিয়ে কোহলির বক্তব্যে আস্থার কথাই উঠে এসেছে। তিনি মনে করেন, তরুণ অধিনায়ক এখনও শেখার পর্যায়ে থাকলেও তাঁর নেতৃত্বের ধরন ইতিমধ্যেই যথেষ্ট পরিষ্কার। মাঠে কী ভাবে দলকে খেলাতে হবে, সেই বিষয়ে শুভমনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন কোহলি।
কোহলির কথায়, শুভমন এখনও তরুণ, বিশেষ করে অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা কম। তবে তাঁর দৃষ্টিভঙ্গি ঠিক রয়েছে এবং আগ্রাসী মানসিকতা নিয়ে নেতৃত্ব দেন। সময়ের সঙ্গে বিভিন্ন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা বাড়বে এবং সেই সঙ্গে নেতৃত্বেও উন্নতি হবে। কোহলির মতে, প্রত্যেক অধিনায়কই ধীরে ধীরে এই অভিজ্ঞতা অর্জন করেন।
এ দিকে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর গত প্রায় দেড় বছর ধরে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন কোহলি। সাম্প্রতিক পরিসংখ্যানও তাঁর ব্যাটিং ছন্দের ছবি তুলে ধরছে। শেষ ১০টি এক দিনের ম্যাচে তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান করেছেন তিনি। একটি ইনিংসে ৯০-এর বেশি রানও রয়েছে তাঁর।
তবে এই পর্যায়ে এসে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়েও ভাবনায় পরিবর্তন এসেছে কোহলির। তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাধীন ভাবে ব্যাটিং করা এবং বাইরের প্রত্যাশা নিয়ে বেশি না ভাবা।
দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার দায়িত্ব বহু বার নিতে হয়েছে তাঁকে। দলের প্রয়োজনের কথা মাথায় রেখে অনেক সময় নিজের স্বাভাবিক শটও খেলতে পারেননি। পিচ বা ম্যাচের পরিস্থিতি কঠিন হলে ঝুঁকি কমিয়ে নির্দিষ্ট ভূমিকা পালন করাই ছিল তাঁর লক্ষ্য।
এখন সেই জায়গা থেকে কিছুটা মুক্ত হতে চান কোহলি। নিজের ক্ষমতা এবং কোন ধরনের শট খেলতে পারেন, সে বিষয়ে তিনি যথেষ্ট সচেতন। তাই ক্রিকেটজীবনের শেষ পর্বে এসে পরিস্থিতির অতিরিক্ত চাপ না নিয়ে নিজের ব্যাটিং উপভোগ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
শুভমনের নেতৃত্বে তরুণ ভারতীয় দলের সঙ্গে কোহলির অভিজ্ঞতার মেলবন্ধনও ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে নিজের ক্ষেত্রে বার্তা স্পষ্ট—আরও কিছু দিন যে ক্রিকেট খেলবেন, সেখানে উপভোগের জায়গাটাই সামনে রাখতে চান বিরাট।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।