ভারতীয়

নিরাপত্তার দুশ্চিন্তায় কড়া সিদ্ধান্ত: ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে ভিসা আপাতত বন্ধ

নিরাপত্তার দুশ্চিন্তায় কড়া সিদ্ধান্ত! বাংলাদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের জন্য বড় খবর। আপাতত সেই পরিকল্পনায় দাঁড়ি পড়ল। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি…

January 8, 2026
1 min read

নিরাপত্তার দুশ্চিন্তায় কড়া সিদ্ধান্ত!

বাংলাদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের জন্য বড় খবর। আপাতত সেই পরিকল্পনায় দাঁড়ি পড়ল। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল ঢাকা। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

এর আগেই দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তখনও কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের মাধ্যমে সীমিত আকারে এই পরিষেবা চালু ছিল। কিন্তু বুধবার থেকে কলকাতাতেও পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে ভারতের কোনও জায়গা থেকেই বাংলাদেশে বেড়ানোর ভিসা পাওয়া যাবে না।

কত দিন এই নিষেধাজ্ঞা চলবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, অন্তত আগামী এক-দু’মাস ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই।

এই বিষয়ে কলকাতার উপদূতাবাস বা দিল্লির দূতাবাস প্রকাশ্যে কিছু বলতে চায়নি। কোনও সরকারি বিবৃতিও জারি করা হয়নি। তবে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে পরিষ্কার করে জানানো হয়েছে, পর্যটক ভিসা বন্ধ হলেও কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার ভিসা এখনও চালু আছে। অর্থাৎ, এমপ্লয়মেন্ট ভিসা, বিজনেস ভিসা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিসা দেওয়া হচ্ছে।

এর কারণও ব্যাখ্যা করা হয়েছে। এই ধরনের ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য বহু স্তরে যাচাই করা হয়। কে কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন, কোথায় থাকবেন—সব তথ্য আগেই প্রশাসনের হাতে থাকে। ফলে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক ভাবে সহজ। কিন্তু পর্যটকদের ক্ষেত্রে এই নজরদারি অনেক বেশি কঠিন হয়ে ওঠে।

তবে একেবারে সব দরজা বন্ধ নয়। ‘বিশেষ ক্ষেত্রে’ সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। যদিও সেই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসের বিবেচনার উপর।

এই সিদ্ধান্তের নেপথ্যে মূলত বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে, পাশাপাশি কিছু শিবির থেকে ভারতবিরোধী বক্তব্যও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর উপর সামনে রয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। ভোট যত এগোবে, রাজনৈতিক উত্তেজনা তত বাড়তে পারে বলেই আশঙ্কা। সেই কারণেই নির্বাচনপর্ব শেষ না হওয়া পর্যন্ত পর্যটক ভিসা বন্ধ রাখার সিদ্ধান্তকে ‘আপাতত’ বলে ব্যাখ্যা করা হচ্ছে।

তবে বাস্তব পরিস্থিতি বিচার করলে ফেব্রুয়ারির শেষের দিকের আগে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে যাওয়ার রাস্তা খুলবে—এমন সম্ভাবনা আপাতত খুবই কম।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *