নিজের হেলিকপ্টারে ব্রাজ়িল শিবিরে নেমার!
বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ব্রাজ়িল। তেরেসোপোলিসে জাতীয় দলের প্রথম অনুশীলন শিবিরে যোগ দিলেন ফুটবলাররা। তবে সবার নজর ছিল এক জনের দিকেই— নেইমার। মাঠে তিনি এলেও প্রথম দিনের অনুশীলনে দেখা গেল না ব্রাজ়িলের তারকা ফুটবলারকে। আর তাতেই তাঁর চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
ব্রাজ়িল দলের ফুটবলারদের একসঙ্গে হেলিকপ্টারে করে শিবিরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই দলে ছিলেন না নেমার। তিনি কিছুটা পরে নিজের ব্যক্তিগত হেলিকপ্টারে করে শিবিরে পৌঁছন। মাঠে উপস্থিত থাকলেও অনুশীলনে অংশ নেননি তিনি। বরং দীর্ঘ সময় কাটান দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে।
জানা গিয়েছে, নেমারের ডান পায়ের পেশিতে এখনও সমস্যা রয়েছে। গত ১৭ মে স্যান্টোসের হয়ে কোরিতিবার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচের পর আর মাঠে নামেননি ব্রাজ়িলের এই তারকা। চোট পুরোপুরি সারেনি বলেই প্রথম দিনের অনুশীলন থেকে দূরে রাখা হয়েছে তাঁকে।
চিকিৎসক লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকেও যান নেমার। সেখানে তাঁর এমআরআই স্ক্যান করা হয়েছে। এখন সেই রিপোর্টের অপেক্ষায় ব্রাজ়িল শিবির। স্ক্যানের ফল ভাল এলে খুব দ্রুত অনুশীলনে ফিরতে পারেন তিনি। কিন্তু রিপোর্ট আশানুরূপ না হলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
সে ক্ষেত্রে রবিবার পানামার বিরুদ্ধে এবং ৫ জুন মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও হয়তো দেখা যাবে না নেমারকে। বিশ্বকাপের আগে তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলাই এখন ব্রাজ়িল শিবিরের প্রধান লক্ষ্য।
প্রথম দিনের শিবিরে মোট ২৩ জন ফুটবলার যোগ দিয়েছেন। তবে কয়েক জন এখনও দলের সঙ্গে যোগ দেননি। দানিলো আগের দিন ঘরোয়া লিগের ম্যাচ খেলায় তাঁকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। অন্য দিকে, প্যারিস সাঁ জারমাঁর মার্কুইনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস এখনও জাতীয় শিবিরে যোগ দেননি। কারণ, তাঁদের ক্লাব শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে।
সব মিলিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হলেও ব্রাজ়িলের সবচেয়ে বড় চিন্তা এখন নেমারকে ঘিরেই। মাঠে নামার আগেই তাঁর ফিটনেস নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর সেই কারণেই সমর্থকদের নজর এখন একটাই— কবে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরবেন ব্রাজ়িলের পোস্টার বয়?
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?