নিজের মনের কথাই শুনেছিলেন রশ্মিকা!
দক্ষিণী তারকা Rashmika Mandanna এবং Vijay Deverakonda-র বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ ছিল না। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পর থেকেই তাঁদের সাজ, রীতিনীতি এবং অনুষ্ঠানের নানা মুহূর্ত সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল রশ্মিকার কনের সাজ।
সম্প্রতি এই বিয়ের অনুষ্ঠান-পরিকল্পনাকারী প্রিয়া মগান্তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গোটা বিয়ের পরিকল্পনায় রশ্মিকার নিজস্ব পছন্দ এবং ব্যক্তিত্বের ছাপ ছিল স্পষ্ট। এমনকি নিজের মঙ্গলসূত্রও নাকি নিজেই ডিজ়াইন করেছিলেন অভিনেত্রী। প্রিয়ার কথায়, “রশ্মিকা সব সময় এমন কিছু করতে চেয়েছিলেন, যা একেবারে তাঁর নিজের মতো।”
শুধু গয়না নয়, বিয়ের পোশাক নিয়েও বেশ সচেতন ছিলেন রশ্মিকা। সাধারণত তারকা কনেদের লাল, আইভরি বা প্যাস্টেল রঙের শাড়িতে দেখা যায়। কিন্তু রশ্মিকা বেছে নিয়েছিলেন উজ্জ্বল কমলা রঙের শাড়ি। প্রথমে অনেক ডিজ়াইনার নাকি তাঁকে অন্য রঙের পরামর্শ দিয়েছিলেন। কারণ, কমলা রংকে কনের জন্য খুব একটা প্রচলিত বলে মনে করা হয় না।
কিন্তু রশ্মিকা নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। বরং প্রিয়াও তাঁকে উৎসাহ দিয়েছিলেন নিজের মনের কথা শুনতে। তিনি নাকি বলেছিলেন, “তুমি যদি কমলা রং ভালবাসো, তা হলে সেটাই পরো। শুধু ট্রেন্ডের জন্য অন্য কিছু বেছে নেওয়ার দরকার নেই।”
এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁদের বিয়েকে আরও আলাদা করে তোলে। কারণ, রশ্মিকা ও বিজয় শুরু থেকেই চেয়েছিলেন, তাঁদের বিয়ে যেন অন্য তারকাদের মতো ‘একই ছাঁচে’ না হয়। সমাজমাধ্যমে কী চলছে বা কোন স্টাইল বেশি জনপ্রিয়, সেগুলোর থেকে নিজেদের ব্যক্তিগত পছন্দকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তাঁরা।
প্রিয়া আরও জানান, এই জুটি চেয়েছিলেন বিয়ের প্রতিটি খুঁটিনাটিতে তাঁদের সম্পর্কের স্বাভাবিকতা এবং ব্যক্তিত্ব ফুটে উঠুক। তাই পোশাক, গয়না থেকে শুরু করে অনুষ্ঠানের সাজসজ্জা— সব ক্ষেত্রেই ছিল ব্যক্তিগত ছোঁয়া।
রশ্মিকা এবং বিজয়ের বিয়ে তেলুগু ও কোডাভা রীতিনীতি মেনে সম্পন্ন হয়। শুধু কনের সাজ নয়, বিজয়ের ঐতিহ্যবাহী লুকও অনুরাগীদের নজর কেড়েছিল। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই জুটির প্রশংসায় ভরে গিয়েছিল সমাজমাধ্যম।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা