নাগপঞ্চমীতেই বড় চমক একতা কপূরের!
দীর্ঘ ১১ বছর ধরে ছোটপর্দায় দর্শকদের মাতিয়ে রেখেছে ‘নাগিন’। এ বার সেই জনপ্রিয় অতিপ্রাকৃত ফ্র্যাঞ্চাইজ়িকে টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিয়ে আসার ইঙ্গিত দিলেন প্রযোজক একতা কপূর। নাগপঞ্চমীর আবহে তাঁর এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নতুন খবরের আভাস দিয়েছেন একতা। ভিডিয়োয় ‘নাগিন’-এর বিভিন্ন মরসুমে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের এক ঝলক করে দেখানো হয়েছে। শেষ দিকে দেওয়া হয়েছে রহস্যময় বার্তা— এই ফ্র্যাঞ্চাইজ়ির সামনে নাকি অপেক্ষা করছে এক নতুন অধ্যায়।
একতা ভিডিয়োটির সঙ্গে লিখেছেন, “নতুন কিছু আসছে! অপেক্ষা করুন।” যদিও সরাসরি কোথাও বলা হয়নি যে ‘নাগিন’ সিনেমা হিসাবে তৈরি হচ্ছে, তাঁর পোস্টের পর থেকেই অনুরাগীদের একাংশের ধারণা, ছোটপর্দার জনপ্রিয় এই গল্প এ বার বড়পর্দায় পা রাখতে চলেছে।
২০১৫ সালে শুরু হয়েছিল ‘নাগিন’-এর যাত্রা। খুব দ্রুতই ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত হয়। পুরাণ, অতিপ্রাকৃত ঘটনা, প্রেম, প্রতিশোধ এবং পারিবারিক দ্বন্দ্ব— একাধিক উপাদানের মিশেলে তৈরি গল্প দর্শকদের আগ্রহ ধরে রেখেছিল বছরের পর বছর।
প্রথম মরসুমে নাগিনের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান মৌনী রায়। তাঁর বিপরীতে ছিলেন অর্জুন বিজলানি। দ্বিতীয় মরসুমেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মৌনী। তৃতীয় মরসুমে নাগিনের ভূমিকায় দেখা যায় সুরভী জ্যোতিকে। চতুর্থ মরসুমে মুখ্য চরিত্রে ছিলেন নিয়া শর্মা। তবে করোনা অতিমারির সময় সেই মরসুমের সম্প্রচার মাঝপথেই থেমে যায়।
এর পর ষষ্ঠ মরসুমে একতা কপূর বেছে নেন তেজস্বী প্রকাশকে। ‘বিগ বস্ ১৫’-এর বিজয়ী হওয়ার পরেই তাঁকে ‘নাগিন’-এর মুখ করা হয়েছিল। সর্বশেষ সপ্তম মরসুমে প্রিয়ঙ্কা চহর চহর চৌধরী, ঈশা সিংহ, নমিক পল, কণিকা মান-সহ একাধিক পরিচিত অভিনেতাকে দেখা যায়। ২০২৫ সালে শুরু হওয়া সেই মরসুমের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই যদি ‘নাগিন’ সিনেমা তৈরি হয়, তা হলে মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে? একতা এখনও কোনও নাম ঘোষণা করেননি। ফলে বলিউডের কোনও জনপ্রিয় নায়িকা, নাকি ছোটপর্দার পরিচিত মুখ— তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘নাগিন’কে বড়পর্দায় আনার পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০২০ সালে শ্রদ্ধা কপূরকে মুখ্য চরিত্রে রেখে ‘নাগিন’ নিয়ে একটি ট্রিলজি তৈরির ঘোষণা হয়েছিল। তবে সেই প্রকল্প শেষ পর্যন্ত কতটা এগিয়েছিল, তা নিয়ে পরে আর স্পষ্ট কোনও খবর সামনে আসেনি।
তাই একতার নতুন পোস্ট আপাতত রহস্যই রেখে দিয়েছে। তবে নাগপঞ্চমীর দিনে এমন ইঙ্গিত যে ‘নাগিন’-এর অনুরাগীদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।