নন্দনে শেষ শ্রদ্ধা অনীক দত্তকে!
শুক্রবার সকাল থেকেই যেন আবেগে ভাসছিল Nandan চত্বর। প্রিয় পরিচালক Anik Dutta-কে শেষবারের মতো দেখতে ভিড় জমালেন অনুরাগী, সহকর্মী এবং টলিউডের বহু পরিচিত মুখ। বুধবার তাঁর আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে।
সকালে পরিচালকের মরদেহ নিয়ে আসা হয় নন্দনে। মূল প্রবেশদ্বারের সামনে রাখা হয়েছিল তাঁর বড় একটি ছবি, ফুলে সাজানো চারপাশ। সেই ছবিতেই মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, গরমের কথা মাথায় রেখে মরদেহ শববাহী গাড়ি থেকে নামানো হয়নি।
বৃহস্পতিবার পর্যন্ত পরিচালকের দেহ রাখা ছিল ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন তাঁর মেয়ে ঐশীর বিদেশ থেকে ফেরার জন্য। তারপরই শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হয়।
নন্দনে এ দিন একে একে উপস্থিত হন অভিনেতা Rudranil Ghosh, Srijit Mukherji, Locket Chatterjee, Anjana Basu-সহ টলিউডের বহু পরিচিত মুখ। প্রযোজক ফিরদৌসুল হাসান এবং অভিনেত্রী পাপিয়া অধিকারীকেও দেখা যায় সেখানে। শুরু থেকেই গোটা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে।
পরিচালকের অনুরাগীদের অনেকেই ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন দীর্ঘক্ষণ। কেউ নীরবে প্রণাম করেছেন, কেউ আবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ সামলাতে পারেননি। সমাজমাধ্যমেও অনীক দত্তকে নিয়ে অসংখ্য পোস্ট, ছবি ও স্মৃতিচারণ চোখে পড়েছে গত দু’দিন ধরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নন্দন থেকে শেষযাত্রা যাবে এনটি ওয়ান স্টুডিয়োতেও। তারপর কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য।
বাংলা সিনেমায় ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস এবং স্বতন্ত্র গল্প বলার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রজগতে যে বড় শূন্যতা তৈরি হল, তা এ দিন নন্দন চত্বরে মানুষের ভিড়ই যেন আরও স্পষ্ট করে দিল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?