দেড় দশক পর হলদিয়ায় সিটুর বিশ্বকর্মাপুজো, পুলিশের অনুমতি নিয়ে হাই কোর্টে গিয়ে জয়

দেড় দশক পর হলদিয়ায় সিটুর বিশ্বকর্মাপুজো দীর্ঘ প্রায় দেড় দশক পর ফের বিশ্বকর্মাপুজোর আয়োজন করতে চলেছে হলদিয়ার সিটু। তবে পুজোর অনুমতি পেতে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হল বাম শ্রমিক…

September 15, 2026
0 min read

দেড় দশক পর হলদিয়ায় সিটুর বিশ্বকর্মাপুজো

দীর্ঘ প্রায় দেড় দশক পর ফের বিশ্বকর্মাপুজোর আয়োজন করতে চলেছে হলদিয়ার সিটু। তবে পুজোর অনুমতি পেতে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হল বাম শ্রমিক সংগঠনকে। পুলিশের অনুমতি না মেলার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল সিটু। মঙ্গলবার সেই মামলার শুনানিতে পুজোর জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সিটু অনুমোদিত ‘হলদিয়া রিফাইনারি শ্রমিক ও কর্মচারী বিশ্বকর্মা উৎসব কমিটি’ এই পুজোর আয়োজক। উদ্যোক্তাদের দাবি, হলদিয়া বন্দরের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গেটের কাছে বিশ্বকর্মাপুজো করার জন্য বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমতি মিলেছিল। কিন্তু এর পরেও পুলিশের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছিল না। সেই অভিযোগ নিয়েই হাই কোর্টে যায় সিটু।

মামলায় সিটুর হয়ে সওয়াল করেন আইনজীবী তথা তরুণ সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক দিকে বামেদের বিশ্বকর্মাপুজোয় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন, অথচ পুলিশের তরফে পুজোর অনুমতি দেওয়া হচ্ছিল না। সায়নের বক্তব্য, ধর্মাচরণের অধিকার সংবিধান প্রত্যেক নাগরিককে দিয়েছে। সেই অধিকার রক্ষার জন্যই আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাঁদের।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, মঙ্গলবারের মধ্যেই বিশ্বকর্মাপুজোর জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতি দিতে হবে। ফলে আদালতের হস্তক্ষেপে দেড় দশক পর ফের হলদিয়ায় সিটুর উদ্যোগে বিশ্বকর্মাপুজোর পথ খুলল।

এক সময় হলদিয়ার শিল্পাঞ্চলে বিশ্বকর্মাপুজোকে ঘিরে সিটুর আয়োজন ছিল যথেষ্ট বড়। বাম আমলে বিভিন্ন কারখানা, রিকশা ও অটোস্ট্যান্ডে সিটুর উদ্যোগে ধুমধাম করে বিশ্বকর্মাপুজো হত। হলদিয়াতেও তৎকালীন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের প্রভাবের সময়ে শ্রমিক সংগঠনের উদ্যোগে পুজোয় থাকত বড় আয়োজন।

২০১১ সালের আগে পর্যন্ত প্রতি বছরই ওই পুজো হত। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তা বন্ধ হয়ে যায়। গত দেড় দশকে হলদিয়ায় সিটুর সাংগঠনিক শক্তিও আগের তুলনায় অনেকটাই কমেছে। এক সময় পূর্ব মেদিনীপুরের এই বন্দরশহরে যে সংগঠন যথেষ্ট প্রভাবশালী ছিল, সময়ের সঙ্গে তার সেই দাপট অনেকটাই ফিকে হয়েছে।

এ বার বিশ্বকর্মাপুজোকে ঘিরে সেই পুরনো পরিসরে ফেরার চেষ্টা করছে সিটু। আদালতের অনুমতি পাওয়ার পর শ্রমিক সংগঠনের কাছে এই পুজো তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সাংগঠনিক ভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *