দীপিকার সংলাপে মুগ্ধ অ্যাকাডেমি!!
দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় চরিত্র নৈনা তলওয়ার এ বার জায়গা করে নিল অ্যাকাডেমি পুরস্কার সংস্থার সমাজমাধ্যমের পাতায়। ২০১৩ সালে মুক্তি পাওয়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-র একটি বিশেষ দৃশ্য নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছে অ্যাকাডেমি। সেই পোস্ট ঘিরেই নতুন করে চর্চায় ফিরেছে দীপিকা-রণবীরের জনপ্রিয় ছবি।
অ্যাকাডেমির প্রকাশ করা দৃশ্যটি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। উদয়পুরে অদিতির বিয়ের আগে সূর্যাস্তের সময় নৈনা এবং বানির কথোপকথন দেখা যায় সেখানে। বানির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর। সব সময় নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা এবং পরের গন্তব্যের খোঁজে থাকা বানিকে নৈনা বোঝায়, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাও জরুরি।
অ্যাকাডেমির পোস্টের ক্যাপশনে নৈনার বক্তব্যের সারাংশ তুলে ধরা হয়েছে—বর্তমানে চোখের সামনে যে মুহূর্ত রয়েছে, সেটিকে উপভোগ করাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের পিছনে ছুটতে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলা উচিত নয়—নৈনার এই উপলব্ধিই দৃশ্যটির মূল বক্তব্য।
ছবির গল্পে এই মুহূর্তটির আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, নৈনা এখানে শুধুমাত্র বানিকে কোনও পরামর্শ দিচ্ছে না, বরং জীবনের প্রতি তার নিজের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করে তুলছে। উচ্চাকাঙ্ক্ষী বানি যেখানে সব সময় আগামী দিনের পরিকল্পনায় ব্যস্ত, সেখানে নৈনা তাকে মনে করিয়ে দেয়—সব কিছু একসঙ্গে পাওয়া বা অনুভব করা সম্ভব নয়।
‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-তে দীপিকা ও রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আদিত্য রায় কপূর এবং কল্কি কেকলাঁ। চার বন্ধুর গল্পে পাহাড়ি ভ্রমণ, বন্ধুত্ব, প্রেম, স্বপ্ন এবং জীবনের লক্ষ্য—সব মিলিয়ে ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করে নেয়।
অ্যাকাডেমির পোস্ট প্রকাশ্যে আসতেই ফের উচ্ছ্বাস ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই জানিয়েছেন, বহু বছর পরেও ছবিটির আবেগ তাঁদের কাছে একই রকম রয়ে গিয়েছে। কারও মতে, ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ এমন একটি ছবি, যা বার বার দেখলেও পুরনো হয় না।
হিমালয়ে চার বন্ধুর ভ্রমণ থেকে শুরু করে উদয়পুরে অদিতির বিয়ের আয়োজন—এই যাত্রাপথেই বদলে যায় চরিত্রগুলির সম্পর্ক এবং জীবন সম্পর্কে তাঁদের উপলব্ধি। আর সেই কারণেই নৈনার সেই সংলাপ আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে। অ্যাকাডেমির নজরে আসায় পুরনো সেই মুহূর্তই যেন নতুন করে আন্তর্জাতিক স্বীকৃতির আলো পেল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।