তিরুমালায় গিয়ে সত্যিই কি মাথা নেড়েছিলেন নয়নতারা?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা কি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা নেড়া করেছেন? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছিল। ছবিতে অভিনেত্রীর মাথায় একটিও চুল দেখা যাচ্ছিল না। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, আসন্ন ছবি ‘টক্সিক’-এর মুক্তির আগে মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন তিনি। কিন্তু তদন্ত করে জানা গিয়েছে, ভাইরাল হওয়া সেই ছবিগুলি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিগুলি বদলে দেওয়া হয়েছে।
সম্প্রতি সমাজমাধ্যমে নয়নতারার কয়েকটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে দেখা যায় তিরুমালা মন্দির চত্বরে, কিন্তু মাথা পুরো ন্যাড়া। ছবিগুলি দেখে অনেকেই দাবি করেন, অভিনেত্রী মানত করে মস্তক মুণ্ডন করেছেন। ‘টক্সিক’ মুক্তির আগে তাঁর এই মন্দির সফর এবং চুল বিসর্জনের বিষয়টি নিয়েও শুরু হয় আলোচনা।
তবে পরে ছবিগুলি খুঁটিয়ে পরীক্ষা করে দেখা যায়, পুরো ঘটনাটিই বিভ্রান্তিকর। চলতি বছরের এপ্রিলেই স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সেই সফরের আসল ছবিতে তাঁর মাথায় স্বাভাবিক ভাবেই চুল ছিল। ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পোশাক এবং কানের দুলের মিল থাকলেও মাথার চুল কৃত্রিম ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, পুরনো আসল ছবিকেই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে ন্যাড়া মাথার ছবি তৈরি করা হয়েছে।
ফলে নয়নতারা সত্যিই তিরুমালায় গিয়ে মস্তক মুণ্ডন করেছেন—এমন কোনও সত্যতা নেই। এই ঘটনায় ফের এক বার প্রমাণিত হল, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখেই কোনও দাবি বিশ্বাস করা কতটা বিপজ্জনক। বিশেষ করে তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে তৈরি এআই-নির্ভর ভুয়ো ছবি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এ দিকে কাজের দিক থেকে সময়টা বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে নয়নতারার। যশের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ শীঘ্রই মুক্তির অপেক্ষায়। ছবিতে তাঁকে ‘গঙ্গা’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তাঁর চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, এই ছবিতে নয়নতারাকে একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে, ছবিতে তিনি যশের দিদির ভূমিকায় অভিনয় করেছেন। যশের সঙ্গে এটাই নয়নতারার প্রথম কাজ। ফলে ‘টক্সিক’ ঘিরে এমনিতেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
ভাইরাল ‘ন্যাড়া মাথা’র ছবি নিয়ে তৈরি হওয়া জল্পনা তাই আপাতত মিথ্যা বলেই স্পষ্ট। নয়নতারার তিরুমালা সফরের আসল ছবিতে তাঁর মাথায় চুল ছিল, ভাইরাল ছবিতে সেটিই এআই প্রযুক্তির সাহায্যে মুছে দেওয়া হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।