তিন ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মেয়েরা!
আর কোনও অপেক্ষা নয়। তিন ম্যাচ হাতে রেখেই মহিলাদের লিগ জিতে নিল East Bengal FC। টানা দ্বিতীয় বার জাতীয় লিগের খেতাব জিতে ইতিহাস গড়ল লাল-হলুদ শিবির। একই সঙ্গে নিশ্চিত হল, আগামী মরসুমে AFC Women’s Champions League-এর মূল পর্বে সরাসরি খেলবে তারা।
মঙ্গলবার Sethu FC এবং Sesa Football Academy-র ম্যাচ ১-১ গোলে ড্র হওয়াতেই ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। দ্বিতীয় স্থানে থাকা সেতু এফসির পয়েন্ট ১২ ম্যাচে ২৩। বাকি দুই ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ২৯ পয়েন্টে পৌঁছতে পারবে। ফলে ইস্টবেঙ্গলকে আর ধরার সুযোগ নেই।
এ বার গোটা প্রতিযোগিতায় প্রায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে লাল-হলুদের মেয়েরা। ১১ ম্যাচের মধ্যে ১০টিতে জয়, মাত্র একটিতে হার। গোল করেছে ৩৮টি, আর গোল খেয়েছে মাত্র ৫টি। দলের আক্রমণের মুখ ছিলেন উগান্ডার তারকা ফুটবলার Fazila Ikwaput। একাই করেছেন ১৭টি গোল।
গত মরসুমে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছিল ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, মূল পর্বে একটি ম্যাচ জিতে নজরও কেড়েছিল তারা। সেই পারফরম্যান্সের সুবাদেই এ বার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। যদিও গত বার নকআউট পর্বে পৌঁছতে পারেনি দল।
এ দিকে ক্লাবের পুরুষ দলও এখন আইএসএল খেতাবের দৌড়ে রয়েছে। Oscar Bruzon-এর কোচিংয়ে দারুণ ছন্দে রয়েছে দল। Mohun Bagan Super Giant-এর সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ফলে একই মরসুমে পুরুষ ও মহিলা— দুই বিভাগেই লিগ জেতার বিরল সুযোগ তৈরি হয়েছে ক্লাবের সামনে।
মহিলা দলের এই সাফল্য নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে ক্লাবকে। একই সঙ্গে বাড়বে প্রত্যাশার চাপও। এখন দেখার, লাল-হলুদের পুরুষ দলও মেয়েদের পথ অনুসরণ করতে পারে কি না।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা