আর্থিক সঙ্কটে ষষ্ঠ ডিভিশনে পাঁচ বারের ফরাসি লিগজয়ী বোর্দোঁ!
এক সময় ফরাসি ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল বোর্দোঁ। এই ক্লাবেই ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খেলেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জ়িনেদিন জ়িদান। অথচ সেই ঐতিহ্যশালী ক্লাবই এখন গভীর আর্থিক সঙ্কটে। দেনার চাপে ফরাসি ফুটবলের ষষ্ঠ ডিভিশনে নেমে গিয়েছে তারা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাত্র ১০০ টাকায় ক্লাবের মালিকানা তুলে দেওয়া হয়েছে আমেরিকার এক বিনিয়োগকারী সংস্থার হাতে।
দেনার চাপে বদল মালিকানা
পাঁচ বার ফরাসি লিগ জিতেছে বোর্দোঁ। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে আর্থিক পরিস্থিতির ক্রমশ অবনতি হয়েছে ক্লাবটির। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মরসুমের আর্থিক দায় সামলাতে প্রায় ২৫০ কোটি টাকা প্রয়োজন ছিল তাদের। সেই অর্থ জোগাড় করতে না পারায় মালিকানা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমেরিকার বিনিয়োগকারী সংস্থা পার্ক বেঞ্চ মাত্র ১০০ টাকার বিনিময়ে ক্লাবটি কিনেছে। নতুন মালিকপক্ষ জানিয়েছে, এ বার ক্লাবের দেনা মেটানোর দায়িত্ব তাদের। বোর্দোঁকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্লাবের নতুন সভাপতি ডমিনিক ডেলপোর্ট।
দেনা কমলেও রয়েছে কঠিন শর্ত
রিপোর্ট অনুযায়ী, বোর্দোঁর মোট দেনার পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা থেকে কমিয়ে ১২৫ কোটি টাকায় আনা হয়েছে। তবে সেই অর্থও ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে নতুন মালিকপক্ষকে। পাশাপাশি, নতুন মরসুমের জন্য সর্বোচ্চ পাঁচ জন পেশাদার ফুটবলারকে দলে নেওয়ার অনুমতি পেয়েছে ক্লাব। বাকি দল তৈরি করতে হবে নতুন খেলোয়াড়দের নিয়ে।
জ়িদানের স্মৃতিবিজড়িত ক্লাবের পতন
১৮৮১ সালে জিমন্যাস্টিক্স ও শুটিং ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বোর্দোঁ। ১৯২০ সালে সেখানে ফুটবলের সূচনা হয়। দীর্ঘ ইতিহাসে একাধিক তারকা ফুটবলার এই ক্লাবের হয়ে খেলেছেন। জ়িদানের কেরিয়ার গড়ে ওঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোর্দোঁর। ২০০৮-০৯ মরসুমে শেষ বার ফরাসি লিগ জিতেছিল তারা।
এর পর থেকেই ক্লাবটির অবনতি শুরু হয়। প্রথমে দ্বিতীয় ডিভিশনে নেমে যেতে হয়। আর্থিক সঙ্কট আরও গভীর হওয়ায় ক্রমে নীচের দিকে নামতে নামতে এখন ষষ্ঠ ডিভিশনে জায়গা হয়েছে তাদের।
এক সময়ের দাপুটে ক্লাবকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনাই এখন নতুন মালিকপক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।