হকি ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেলকে সরালেন দিলীপ!
বিশ্বকাপের আগে ভারতীয় হকি দলের জার্সির রং নীল থেকে গেরুয়া করা এবং প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফের নীল জার্সিতে ফিরে আসা নিয়ে বিতর্ক চলছিলই। এর মধ্যেই হকি ইন্ডিয়ায় বড় পদক্ষেপ করলেন সভাপতি দিলীপ তিরকে। সংস্থার ডিরেক্টর জেনারেল আরকে শ্রীবাস্তবকে আপাতত তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শ্রীবাস্তবকে একটি নোটিস পাঠিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগের কথা জানানো হয়েছে। ওই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্য তাঁকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি হকি ইন্ডিয়ার কোনও দায়িত্ব পালন করতে পারবেন না এবং কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে না।
নোটিসে শৃঙ্খলাভঙ্গ, স্বচ্ছতার অভাব, নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতির মতো একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। তবে আপাতত এগুলি অভিযোগ হিসাবেই রয়েছে। তদন্তের পরে সেগুলির সত্যতা যাচাই করা হবে। শ্রীবাস্তবের বক্তব্যও এখনও প্রকাশ্যে আসেনি।
নোটিস অনুযায়ী, শ্রীবাস্তবের কাছে থাকা হকি ইন্ডিয়ার সমস্ত নথি ও ফাইল সংস্থার কাছে জমা দিতে হবে। ব্যক্তিগত ভাবে বাড়িতেও সংস্থার কোনও নথি রাখা যাবে না। হকি ইন্ডিয়ার কোনও বিষয়ে তাঁর সই করার অধিকারও থাকবে না। কোনও নথি বা তথ্য নষ্ট করা হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
জার্সি বদল নিয়ে কেন উঠল প্রশ্ন?
শ্রীবাস্তবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির মধ্যে অন্যতম ভারতীয় দলের জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত। অভিযোগ, বিশ্বকাপের আগে নীল জার্সির পরিবর্তে গেরুয়া রং করার সময় হকি ইন্ডিয়ার সভাপতি, কোচ কিংবা দলের খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়নি। পরে বিশ্বকাপের পর ফের জার্সির রং নীল করার সময়ও নাকি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়নি।
অভিযোগ উঠেছে, জার্সি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শ্রীবাস্তব একাই নিয়েছিলেন। হকি ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়।
এ ছাড়াও হকি ইন্ডিয়া লিগের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দায়িত্ব ছেড়ে বিশ্বকাপ চলাকালীন শ্রীবাস্তব নেদারল্যান্ডস ও বেলজিয়ামে চলে গিয়েছিলেন বলে অভিযোগ। সংস্থার কাউকে না জানিয়েই তিনি ওই সফরে গিয়েছিলেন বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।
তবে আপাতত তাঁকে সরিয়ে দেওয়া মানেই চূড়ান্ত শাস্তি নয়। চার সপ্তাহের মধ্যে শ্রীবাস্তবের জবাব পাওয়ার পর অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগগুলি প্রমাণিত না হলে তাঁকে ফের দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে। অন্য দিকে অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফলে বিশ্বকাপের আগে জার্সি বদল নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই হকি ইন্ডিয়ার অন্দরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর শ্রীবাস্তবের জবাব এবং পরবর্তী তদন্তের দিকে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।