৭২ কোটির সম্পত্তি ফেরালেন সঞ্জয় দত্ত!
বলিউডের ‘বাড বয়’ বলে পরিচিত সঞ্জয় দত্তের জীবন নাটকীয়তায় ভরপুর। মাদকাসক্তি থেকে জেল, এমনকি জঙ্গিযোগ— একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। তবুও তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং, তাঁর জীবনের ওঠা-পড়া যেন অনুরাগীদের কাছে এক আলাদা প্রেরণা। আর এই গভীর ভালোবাসার এক নজির রেখে গিয়েছেন নিশা পাটিল নামে এক মহিলা, যিনি নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে।
ঘটনাটি ২০১৮ সালের। মুম্বইয়ের বাসিন্দা নিশা পাটিল ছিলেন ৬২ বছর বয়সী এক সাধারণ মহিলা। জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগে একাধিক বার তাঁর ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছিলেন, যেন তাঁর সঞ্চিত সমস্ত অর্থ অভিনেতা সঞ্জয় দত্তের নামে হস্তান্তর করা হয়। কারণ? তিনি ছিলেন সঞ্জয়ের অন্ধভক্ত। জীবদ্দশায় কোনও দিন অভিনেতার সঙ্গে সরাসরি দেখা হয়নি, তবু পর্দার মধ্য দিয়েই যেন এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর সঙ্গে।
যখন বিষয়টি প্রকাশ্যে আসে, তখন বিস্ময়ে স্তব্ধ হয়ে যান সঞ্জয় দত্ত নিজেও। তিনি জানান, ‘‘আমি এই মহিলাকে চিনতাম না। তাঁর এমন ভালোবাসা, এমন বিশ্বাস সত্যিই মন ছুঁয়ে গিয়েছিল।’’ কিন্তু সেই মুহূর্তে একটুও না ভেবে সঞ্জয় সিদ্ধান্ত নেন— সেই ৭২ কোটি টাকার সম্পত্তি তিনি ফিরিয়ে দেবেন নিশার পরিবারের কাছে।
সঞ্জয়ের কথায়, ‘‘আমি কিছুই করিনি এই টাকার জন্য। এটা ওনার রক্ত-ঘামে অর্জিত সঞ্চয়। আমি সেটা নিতে পারি না।’’ জন্মদিনের সময় দেশে ফিরে এই প্রসঙ্গে ফের কথা বলেন অভিনেতা। জানিয়ে দেন, আজও তিনি এই ঘটনার কথা ভাবলে আবেগে ভেসে যান।
বর্তমানে সঞ্জয় বেশিরভাগ সময় কাটান দুবাইয়ে। অভিনয়ে আগের মতো সক্রিয় না থাকলেও মাঝে মাঝে দেশে ফিরে আসেন বিশেষ উপলক্ষে। এই ঘটনার স্মৃতি তাঁর কাছে যেন এক গভীর আত্মমুখীনতা এনে দেয়।
সঞ্জয়ের এমন সিদ্ধান্তে অনুরাগীরাও অভিভূত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। কারও কথায়, ‘‘এটাই তো সত্যিকারের মানুষ হওয়া।’’, কেউ আবার লিখেছেন, ‘‘একজন তারকার আসল পরিচয় বোঝা যায়, তাঁর হৃদয়ের আকারে।’’
এ যেন সিনেমার চিত্রনাট্য ছাপিয়ে বাস্তবের গল্প। যেখানে তারকা আর অনুরাগীর সম্পর্ক শুধু রুপালি পর্দার আলোয় সীমাবদ্ধ না থেকে ছুঁয়ে গিয়েছে বাস্তব জীবনের গভীর অনুভব। আর সেখানেই সঞ্জয় দত্তের মানবিক রূপ আরও একবার ধরা দিল— নিঃশব্দে, নির্ভেজাল ভালোবাসার মর্যাদা দিয়ে।
অলিম্পিক্স ক্রিকেটে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান ও নিউজিল্যান্ড, আইসিসি নিয়ম নিয়ে দুই দেশের ক্ষোভ