ক্যাটরিনার ওজন নিয়ে কটাক্ষ!
মা হওয়ার পর থেকেই অভিনেত্রী ক্যাটরিনা কইফের শরীর নিয়ে সমাজমাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। সম্প্রতি অম্বানীদের বাড়ির গণেশপুজোয় স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হওয়ার পর ফের তাঁর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুরু হয়। এ বার সেই সমালোচনার আবহে ক্যাটরিনার পাশে দাঁড়ালেন অভিনেত্রী শোভিতা ধূলিপালা।
একটি অনুষ্ঠানে শোভিতাকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে মহিলাদের চেহারা ও শরীরকে যেভাবে বিচার করা হয়, তা নিয়ে তাঁর মত কী? উত্তরে অভিনেত্রী বলেন, মহিলাদের কাছ থেকে একই সময়ে নানা ধরনের প্রত্যাশা করা হয়। কখনও তাঁদের শক্ত হতে বলা হয়, আবার কখনও সংবেদনশীল থাকার প্রত্যাশা করা হয়।
শোভিতার কথায়, “মহিলাদের শক্ত হতে বলা হয়, আবার সংবেদনশীল হতেও বলা হয়। তাঁদের অনেক কিছুই হতে বলা হয়। প্রত্যেক মহিলা নিজের মতো করে বিষয়গুলি সামলান। তাই এ ক্ষেত্রে কোনও নির্দিষ্ট নিয়ম হতে পারে না।”
সমাজমাধ্যমে প্রকাশ্যে সমালোচনার মুখে পড়া যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন শোভিতা। তাঁর বক্তব্য, প্রত্যেক মানুষই এই ধরনের মন্তব্যে আঘাত পেতে পারেন। তবে পরিস্থিতি সামলানোর পদ্ধতি প্রত্যেকের আলাদা।
ক্যাটরিনার হয়ে এর আগেও সরব হয়েছেন পরিণীতি চোপড়া। তিনিও সম্প্রতি মা হয়েছেন। সন্তানধারণের পর মহিলাদের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রবণতার সমালোচনা করে পরিণীতি প্রশ্ন তুলেছিলেন, চুল কাটা বা শরীরচর্চা করে ওজন কমানোর মতো পরিবর্তনকে যদি সহজেই উদ্যাপন করা হয়, তা হলে গর্ভাবস্থা ও সন্তানপ্রসবের কারণে শরীরে স্বাভাবিক পরিবর্তন এলে তা নিয়ে কটাক্ষ কেন?
ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে মন্তব্যকারীদের সমালোচনা করেছিলেন সলমন খানও। তাঁর প্রশ্ন ছিল, সদ্য মা হওয়া একজন অভিনেত্রীর ওজন বা চেহারা নিয়ে কুমন্তব্য করার প্রয়োজন কী? সলমনের মতে, সন্তান জন্মের পর যে কোনও মহিলার ওজন বাড়তে পারে। ক্যাটরিনা আপাতত পরিবারকে সময় দিতে চাইলে সেটিও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
অভিনয়ে ফেরার প্রয়োজন হলে তখন শরীরচর্চা করে ওজন কমানো সম্ভব—এমন কথাও বলেছিলেন সলমন। সব মিলিয়ে ক্যাটরিনাকে ঘিরে সাম্প্রতিক আলোচনা ফের সামনে আনল একটি পুরনো প্রশ্ন—মহিলাদের শরীর নিয়ে সমাজের প্রত্যাশার সীমা কোথায়?
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।