ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই নতুন বিতর্কে জড়াল ফিফা। বৃহস্পতিবার মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজন আর্জেন্টিনীয় ম্যাচ অফিসিয়ালকে। সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে ফ্রান্সের সমর্থকদের একাংশ মনে করছেন, এমন নিয়োগ অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে।
এই বিশ্বকাপে একই দেশের রেফারি ও দুই সহকারী রেফারিকে একসঙ্গে দায়িত্বে দেখা গেলেও, সাধারণত চতুর্থ রেফারি, রিজ়ার্ভ রেফারি কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) অন্য দেশের হন। কিন্তু ৯৬টি ম্যাচ পেরিয়ে এবারই প্রথম একটি ম্যাচে পাঁচজন ম্যাচ অফিসিয়ালই আর্জেন্টিনার হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিতর্কের পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাসও। ২০১৮ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনাকে বিদায় করেছিল। আবার ২০২২ সালের ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের। ফলে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার আবহে এই নিয়োগকে অনেকেই সংবেদনশীল বলে মনে করছেন।
ফ্রান্স–মরক্কো ম্যাচে প্রধান রেফারি থাকবেন ফাকুন্দো তেলো। তাঁকে সহায়তা করবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চেদ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন দারিও হেরেরা এবং রিজ়ার্ভ রেফারি ক্রিশ্চিয়ান নাভারো। দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত তেলো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপরিচিত। ২০২২ বিশ্বকাপে পর্তুগাল–মরক্কো ম্যাচে তাঁর দেখানো লাল কার্ড নিয়েও বিতর্ক হয়েছিল। একই বছরে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের ম্যাচে তিনি একাই ১০টি লাল কার্ড দেখিয়ে আলোচনায় এসেছিলেন।
ঘটনাচক্রে, আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারি ছিলেন ফরাসি কর্মকর্তা ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচের পরও রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং মিশর অভিযোগ তোলে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার পক্ষেই গিয়েছে।
নতুন এই নিয়োগের পর ফ্রান্সের সংবাদমাধ্যম ও সমর্থকদের একাংশ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি ফরাসি সংবাদপত্র সম্পাদকীয়তে লিখেছে, “ফিফার এই সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর।” আবার এক সমর্থক কটাক্ষ করে লিখেছেন, “যেহেতু সবই হচ্ছে, তা হলে VAR-এ লিয়োনেল মেসিকেই বসিয়ে দেওয়া হোক!”
ফিফা অবশ্য এখনও এই বিতর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার, মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং নিয়েও নতুন কোনও বিতর্ক তৈরি হয় কি না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?