কিছু খাবার নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য!
খাবার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তবে দৈনন্দিন খাদ্যাভ্যাস শুধু আমাদের স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, কিছু খাবারের ফলে ক্যানসারের ঝুঁকি বাড়তেও পারে। তবে আশার কথা হলো, কিছু সঠিক খাবার নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব! হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ক্লিনিক্যাল এপিডেমিয়োলজি ও পুষ্টি বিশেষজ্ঞ মিংগ্যাং সং সম্প্রতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘ গবেষণায় দেখা গেছে যে, অতি প্রক্রিয়াজাত খাবারে থাকা কারসিনোজেন (যা ক্যানসারের অন্যতম কারণ) আমাদের শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে কিছু পুষ্টিকর খাবার নিয়মিত খেলে তা ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধক শক্তি তৈরি করতে সাহায্য করতে পারে।”
ক্যানসারের ঝুঁকি কমাতে কোন খাবারগুলো খেতে হবে?
মিংগ্যাং সং আরও জানান, তাজা ফল, শাক-সবজি, দানাশস্য, বাদামজাতীয় খাবার এবং নিয়মিত দই খেলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো যায়। একাধিক গবেষণায় এও প্রমাণিত হয়েছে যে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।
কীভাবে বদলাবেন আপনার খাদ্যাভ্যাস?
খাদ্যাভ্যাস একদিনে বদলানো সম্ভব নয়, তবে ছোট ছোট পরিবর্তনই বড় প্রভাব ফেলতে পারে। কিছু সহজ ও স্বাস্থ্যকর পরিবর্তন আনলেই ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব:
- রেড মিটের পরিবর্তে উদ্ভিজ প্রোটিন: যদি পাঁঠার মাংস বা অন্যান্য রেড মিট, সসেজ, সালামি, বেকন খেয়ে থাকেন, তবে এগুলোর বদলে ডাল, বিন, টোফু, মাশরুম জাতীয় উদ্ভিজ প্রোটিন খান।
- ময়দা বাদ দিন: অতিপ্রক্রিয়াজাত ময়দা থেকে তৈরি খাবার যেমন পাউরুটি, পাস্তা, নুডলসের বদলে ওটস, ডালিয়া, লাল আটা, ব্রাউন রাইস খেতে পারেন।
- ভাজা খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প: চিপস বা বাইরের তেলে ভাজা খাবারের বদলে বাদাম, বীজ, শস্য, ফল খান।
- রঙিন সব্জি ও শাকপাতা: খাদ্যতালিকায় নিয়মিত রঙিন সব্জি ও শাকপাতা রাখার চেষ্টা করুন।
- চিনির পরিমাণ কমান: চিনি বেশি থাকা পানীয়গুলো পরিহার করে গ্রিন টি, লেবুর জল, ডাবের জল খাওয়ার অভ্যাস গড়ুন।
খাদ্যাভ্যাসে এই সহজ পরিবর্তনগুলো আপনাকে কেবল স্বাস্থ্যকর রাখবে না, বরং ক্যানসারের ঝুঁকি থেকেও দূরে রাখবে। এখনই শুরু করুন!