কলকাতা ডার্বির টিকিট বিক্রি মঙ্গলবার থেকেই!
ডুরান্ড কাপের নতুন মরসুম শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই। আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টা থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার, ২১ জুলাই থেকেই।
ডুরান্ড কাপ আয়োজক কমিটি জানিয়েছে, ডার্বি ঘিরে বিপুল দর্শকসমাগমের সম্ভাবনা থাকায় এ বার বিশেষ টিকিট ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সমর্থকেরা বুকমাইশো-র ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।
যাঁরা অফলাইনে টিকিট সংগ্রহ করতে চান, তাঁদের জন্য বিক্রি শুরু হবে বুধবার, ২২ জুলাই থেকে। ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ময়দান তাঁবুতে টিকিট পাওয়া যাবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
ডার্বির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়মও জানিয়েছে আয়োজকরা। এই ম্যাচে স্টেডিয়ামে প্রবেশের জন্য কাগজের (ফিজিক্যাল) টিকিট বাধ্যতামূলক। শুধুমাত্র মোবাইলে ই-টিকিট বা বুকিংয়ের স্ক্রিনশট দেখিয়ে প্রবেশ করা যাবে না। অনলাইনে টিকিট কাটলেও নির্ধারিত নিয়ম অনুযায়ী কাগজের টিকিট সংগ্রহ করতে হবে।
তবে কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপের অন্যান্য ম্যাচে এই নিয়ম থাকবে না। সেই সব ম্যাচে ‘এম-টিকিট’ ব্যবস্থাই চালু থাকবে। অর্থাৎ বুকমাইশো অ্যাপ বা ওয়েবসাইটে থাকা ডিজিটাল টিকিট দেখিয়েই দর্শকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। আলাদা করে কাগজের টিকিট নেওয়ার প্রয়োজন হবে না।
ডার্বির টিকিট নিয়ে প্রতি বছরই সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাই আয়োজকদের পরামর্শ, যাঁরা মাঠে বসে ম্যাচ দেখতে চান, তাঁরা যত দ্রুত সম্ভব টিকিট সংগ্রহ করে নিন, কারণ চাহিদার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?