গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহের পুত্র শিবম
কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম সিংহকে। শুক্রবার সকালের এই ঘটনায় ইতিমধ্যেই রাকেশ ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার দুপুরে তদন্তের স্বার্থে রাকেশ সিংহের বাড়িতে পুলিশ তল্লাশি চালালেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
রাকেশ সিংহ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁকে গ্রেফতার করতে না পেরে তাঁর ছেলেকে টার্গেট করেছে পুলিশ। তাঁর দাবি, স্ত্রী ও কন্যাকে পুলিশ হেনস্থা করেছে। তিনি সরাসরি কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে সতর্ক করে জানিয়েছেন, তিনি হাই কোর্টে পুত্রের গ্রেফতারির বিরুদ্ধে মামলা করবেন।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ। অভিযোগ অনুযায়ী, রাকেশ সিংহের নেতৃত্বে একদল বিজেপি সমর্থক হাতে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসের প্রদেশ দফতরে ঢুকে পড়েন। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডেও। এর আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে রাকেশ ঘোষণা করেছিলেন, “আজ যা ঘটবে, তার পর সারা দেশে কংগ্রেসের বিরুদ্ধে এই বিরোধিতা দেখা দেবে।” পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেওয়া হয়, এরপর দফতরের ভিতরে তাণ্ডব চালানো হয়। বাইরে কংগ্রেস নেতাদের ছবি এবং পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাক্রমে কংগ্রেসের দফতরে তখন খুব কম সংখ্যক কর্মী ছিলেন। সেই সুযোগেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটির পরপরই এন্টালি থানায় অস্ত্র আইন-সহ একাধিক ধারায় রাকেশ সিংহ এবং তাঁর দলের বিরুদ্ধে মামলা রুজু হয়।
এই ঘটনার পেছনে রয়েছে বিহারের দ্বারভাঙায় ঘটে যাওয়া বিতর্ক। গত বুধবার ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও তেজস্বী যাদব দ্বারভাঙা থেকে মুজফ্ফরপুর যাচ্ছিলেন। অভিযোগ, সেখানে কংগ্রেসের একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা-কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। সেই ঘটনার জেরেই কলকাতায় কংগ্রেস দফতরে হামলার অভিযোগ উঠেছে।
এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। কংগ্রেসের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ভয় দেখানোর জন্য। অন্যদিকে রাকেশ সিংহের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে পুলিশ অন্যায়ভাবে তাঁর পরিবারকে জড়িয়ে ফেলছে। ঘটনাটি নিয়ে উত্তেজনা এখনও চরমে, এবং হাই কোর্টে মামলার কথা ঘোষণা করায় রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ