করম পুজোয় ফের বদল উচ্চমাধ্যমিকের রুটিন, তৃতীয় সেমেস্টারের ভোকেশন্যাল পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর

তৃতীয় সেমেস্টারের ভোকেশন্যাল পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে ফের বদলে গেল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সূচি। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। তার আগে…

September 15, 2026
1 min read

তৃতীয় সেমেস্টারের ভোকেশন্যাল পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর

পরীক্ষা শুরুর মাত্র ছ’দিন আগে ফের বদলে গেল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সূচি। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। তার আগে ১৫ সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশোধিত সূচি জানাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার করম পুজোর কারণে ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত বৃত্তিমূলক বা ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত ভোকেশন্যাল বিষয়গুলির পরীক্ষা হবে। হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজ়ম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং, টেলিকম-সহ সমস্ত বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষাই এই পরিবর্তিত সূচি অনুযায়ী নেওয়া হবে।

এ নিয়ে দ্বিতীয় বার বদল হল তৃতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন। এর আগে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের কারণে সূচিতে পরিবর্তন এনেছিল সংসদ। নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন এবং ৯ অক্টোবর ফলপ্রকাশের কথা রয়েছে। সেই কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলে মূল সূচি অনুযায়ী ৭ অক্টোবর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা গড়িয়ে যায় ১৪ অক্টোবর পর্যন্ত।

এ বার করম পুজোর কারণে আরও একটি পরীক্ষা পিছিয়ে গেল। সংসদের নতুন সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রথম ভাষা দিয়ে পরীক্ষা শুরু হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষা, ২৫ সেপ্টেম্বর অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং ও অ্যাপ্লাইড এআই-এর পরীক্ষা রয়েছে। ২৮ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি এবং ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স-সহ একাধিক বিষয়ের পরীক্ষা হবে।

৩০ সেপ্টেম্বর স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, ইতিহাস-সহ কয়েকটি বিষয়ের পরীক্ষা রয়েছে। ১ অক্টোবর রসায়ন, ভূগোল ও বিজ়নেস স্টাডিজ়, ৩ অক্টোবর দর্শন এবং ১২ অক্টোবর গণিত, সংস্কৃত, আরবি, পার্সিয়ান, সাংবাদিকতা ও গণজ্ঞাপনের পরীক্ষা হবে। ১৩ অক্টোবর প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান ও ফিশারিজ় এবং দ্বিতীয় ভাগে সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা হবে। ১৪ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা দিয়ে তৃতীয় সেমেস্টার শেষ হবে।

রুটিন বদলের প্রভাব পড়েছে অ্যাডমিট কার্ডেও। ইতিমধ্যেই স্কুলগুলিতে পুরনো অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী নতুন অ্যাডমিট কার্ডও পরীক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ। তবে নতুন কার্ড হাতে না পাওয়া পর্যন্ত পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে। পরে স্কুল থেকে সংশোধিত অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

সংসদ জানিয়েছে, পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতেও পরীক্ষাসূচিতে পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। তাই পরীক্ষার্থী ও স্কুলগুলিকে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *