লস অ্যাঞ্জেলেসের উত্তাল বিক্ষোভে হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের!
লস অ্যাঞ্জেলেসে অভিবাসন নীতির প্রতিবাদে রাস্তায় নামা সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে এবার হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের প্রতি তাঁর কড়া বার্তা: “ওরা থুতু ছেটেছে, তাই আমরা মেরেছি।” এই মন্তব্য ঘিরে আমেরিকায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রবিবার নিউ জার্সিতে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্পের এই বক্তব্য উঠে আসে, যেখানে তিনি লস অ্যাঞ্জেলেসে চলমান উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।
গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। অভিবাসন দফতরের তরফে কড়া ধরপাকড় অভিযান চালানো হচ্ছে, যার প্রতিবাদে রাজপথ দখল নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অধিকারকর্মীরা। এই পরিস্থিতি সামাল দিতে আগেই শহরে নামানো হয়েছে ২০০০ ন্যাশনাল গার্ড। কিন্তু রবিবার প্রেসিডেন্টের মুখে শোনা গেল একেবারে কঠোর হুঁশিয়ারি।
ট্রাম্প বলেন, “মানুষের মুখে থুতু ছেটানো নতুন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ওদের কাছে। এটা আমাদের নিরাপত্তা রক্ষীদের অপমান। যারা পুলিশ বা সেনার দিকে থুতু ছোঁড়ে, তাদের রেয়াত করা হবে না। পরিস্থিতি যদি হাতের বাইরে যায়, তাহলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর এই মন্তব্য শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক মহলেও নিন্দিত হয়েছে।
রবিবার শহরে কাঁদানে গ্যাস, মরিচ গুঁড়োর বল ছুঁড়ে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। পুলিশের দাবি, বারবার নির্দেশ দেওয়ার পরও আন্দোলনকারীরা এলাকা ছাড়েননি, যার জেরে অন্তত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সেনা নামানোর কথাও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যদিও ট্রাম্প প্রশাসন এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর প্রশাসন বারবার অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের নীতি গ্রহণ করেছে। গত শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হঠাৎ ধরপাকড়েই রোষ জমেছে সাধারণ মানুষের মনে, যার বহিঃপ্রকাশ ঘটছে লস অ্যাঞ্জেলেসের রাজপথে।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য কেবল প্রতিবাদীদের মনোভাব আরও কঠোর করে তুলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। একদিকে অভিবাসী সমাজের মধ্যে ভয়ের আবহ, অন্যদিকে প্রশাসনের রণংদেহী মনোভাব—এই দ্বৈরথে আগামী দিনগুলিতে আমেরিকার গণতান্ত্রিক পরিবেশ আরও চাপের মুখে পড়বে বলেই আশঙ্কা।
টাটকা লাউ কিনবেন কীভাবে? চেনুন কৃত্রিম রং ও রাসায়নিক মেশানো সব্জি