‘দ্য বেঙ্গল ফাইল্স’-এ মুখ্য ভূমিকায় টলিউডের তারকারা!
‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর পর সারা দেশে আলোড়ন তুলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এরপর ‘দ্য দিল্লি ফাইল্স’-এর ঘোষণা হলেও আচমকা দিক বদল করলেন পরিচালক—এবার তাঁর ক্যামেরার লক্ষ্য বাংলা। আসছে নতুন রাজনৈতিক-ইতিহাস নির্ভর ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’, যেখানে থাকছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই কলকাতায় নিয়মিত যাতায়াত করছিলেন বিবেক। বিজেপির প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার তিনি সরাসরি বাংলার ইতিহাস নিয়ে বড় পর্দায় চিত্র তুলে ধরতে চলেছেন। তাঁর দাবি, তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস তাঁকে অভিভূত করেছে।
কী নিয়ে তৈরি হবে ‘দ্য বেঙ্গল ফাইল্স’?
পরিচালক জানিয়েছেন, এই ছবি বাংলার সেই অপ্রকাশিত অধ্যায়গুলো তুলে ধরবে, যেগুলিতে রয়েছে বিভাজন, গণহত্যা, রাজনৈতিক সহিংসতা ও মতাদর্শগত দ্বন্দ্ব। বিবেকের কথায়, “বাংলা একমাত্র রাজ্য, যা দু’বার বিভক্ত হয়েছে—স্বাধীনতার আগে এবং পরে। শুধু হিন্দু-মুসলিম নয়, এখানে কমিউনিজম, নকশালবাদের মতো ভাবনাও সংঘর্ষের জন্ম দিয়েছে।”
এক্স হ্যান্ডলে পরিচালক লেখেন, “ছ’মাস ধরে বাংলার নানা অঞ্চলে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। বাংলার মাটিতে যে কত গভীর ইতিহাস লুকিয়ে আছে, তা অনেকে জানেন না। এই ছবি সেই সব সত্যি তুলে ধরবে।”
কে কে থাকছেন এই ছবিতে?
বিবেকের ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি আবার বিজেপির অন্যতম মুখ। সঙ্গে থাকছেন অনুপম খের, পল্লবী জোশী। টলিপাড়ার থেকে এই ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস-কে গুরুত্বপূর্ণ ভূমিকায়। আরও বেশ কিছু বাঙালি অভিনেতা যুক্ত হচ্ছেন এই প্রকল্পে, যাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি।
চিত্রনাট্যে কী থাকবে?
এখনও পর্যন্ত পরিচালক পরিষ্কার করে কিছু বলেননি। তবে ইঙ্গিত মিলছে, স্বাধীনতার সময়কার দ্বিজাতিতত্ত্বের প্রভাব, নকশাল আন্দোলন, বামপন্থী হিংসা, এমনকি বর্তমান রাজনীতির ছায়া পর্যন্ত থাকতে পারে ছবিতে। ফলে আবারও এক বিতর্ক-উৎসব হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই।
বিবেকের আগে কাজগুলি ঘিরে যেমন সমালোচনার ঝড় উঠেছিল, ঠিক তেমনই ‘দ্য বেঙ্গল ফাইল্স’-কে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে শুরু করেছে। তবে পরিচালক বরাবরের মতোই আত্মবিশ্বাসী, “আমার কাজ ইতিহাসের সত্যি তুলে ধরা, কে কী ভাবছে তা নয়।”
পশ্চিমবঙ্গের পহেলগাঁও: পুরুলিয়ার টুরগা উপত্যকার সবুজ মোহে মুগ্ধ দেশ, আপনি যাবেন কবে?