এসআইআরের খসড়া তালিকায় বাদ দেড় কোটিরও বেশি! ১২ রাজ্যের হিসাব প্রকাশ, বাকি আরও সাত

এসআইআরের খসড়া তালিকায় বাদ দেড় কোটিরও বেশি! ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের তৃতীয় পর্বে এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই…

August 9, 2026
1 min read

এসআইআরের খসড়া তালিকায় বাদ দেড় কোটিরও বেশি!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের তৃতীয় পর্বে এখনও পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা সামনে আসতেই দেখা যাচ্ছে, মোট এক কোটি ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের হিসাব বলছে, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে।

বিহারকে দিয়ে এসআইআরের প্রথম পর্ব শুরু করেছিল নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া চালানো হয়। বর্তমানে তৃতীয় পর্যায়ের এসআইআর চলছে ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই পর্যায়ে দিল্লি, ওড়িশা, মিজ়োরাম, মণিপুর, সিকিম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, কর্নাটক, তেলঙ্গানা, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ রয়েছে।

এর মধ্যে এখনও পর্যন্ত ১২টি জায়গার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ওই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ভোটার ছিলেন ১৩ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার ৮০৭ জন। যাচাইয়ের পর মৃত, অন্যত্র চলে যাওয়া বা দীর্ঘদিন অনুপস্থিত-সহ বিভিন্ন কারণে এক কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার ৮৩৪ জনের নাম বাদ পড়েছে। অর্থাৎ, মোট ভোটারের প্রায় ১১.৫১ শতাংশের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে।

সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে। সেখানে ৪৪ লক্ষ ৮৯ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা, যেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা ৩৩ লক্ষ ৮৩ হাজার। ওড়িশায় ২০ লক্ষ ১২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। অন্য দিকে, সবচেয়ে কম নাম বাদ পড়েছে সিকিমে—৩৭ হাজার ৭২৪।

তবে এখনও সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশিত হয়নি। দিল্লি, পঞ্জাব, তেলঙ্গানা, কর্নাটক এবং মহারাষ্ট্রে যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে কমিশন। ফলে ওই পাঁচ জায়গার খসড়া তালিকা এখনও প্রকাশের অপেক্ষায়। নাগাল্যান্ড ও ত্রিপুরায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলেও সেখানকার খসড়া তালিকাও এখনও সামনে আসেনি।

কমিশনের বক্তব্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বাদ পড়া নামের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বর্তমানে যে দেড় কোটির বেশি নাম বাদ পড়েছে, সেটিই শেষ হিসাব নয়।

পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে এর আগে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল তৎকালীন তৃণমূল সরকার। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। ভোট পর্ব শেষ হওয়ার পরেও বিবেচনাধীন ভোটারদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া চলছে

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *