এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু!
পৃথিবীর বুকেই রয়েছে এমন দুই বিশাল পর্বত, যাদের উচ্চতা এভারেস্টের তুলনায় ১০০ গুণ বেশি! তবে এই পর্বতগুলির অবস্থান ভূপৃষ্ঠের ওপরে নয়, বরং পৃথিবীর গভীরে। ভূগর্ভস্থ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে পাওয়া গেছে এই দুই পর্বতের সন্ধান।
কোথায় লুকিয়ে এই পর্বত?
গবেষণায় জানা গেছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের সীমানায়, ভূত্বকের নীচে অর্ধ-কঠিন অঞ্চলে অবস্থান করছে এই পর্বত। এদের উচ্চতা প্রায় ১,০০০ কিলোমিটার! বিজ্ঞানীদের মতে, এগুলো অন্তত ৫০ কোটি বছর পুরনো, এমনকি সম্ভবত ৪০০ কোটি বছর আগের পৃথিবী গঠনের সময় থেকেই এদের অবস্থান।
কীভাবে খোঁজ মিলল?
নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরউইন ডিউসের নেতৃত্বে একটি গবেষণাদল ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে এই পর্বতের সন্ধান পেয়েছেন। ভূমিকম্পের তরঙ্গ যখন বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করে, তখন গতি পরিবর্তন করে। মাটির গভীরে, যেখানে এই পর্বতগুলো রয়েছে, সেখানে তরঙ্গের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায়। এই অস্বাভাবিকতার সূত্র ধরেই বিজ্ঞানীরা নিশ্চিত হন।
এই পর্বতগুলোর বিশেষত্ব কী?
এই অঞ্চলকে বলা হচ্ছে ‘লার্জ লো সেসমিক ভেলোসিটি’ অঞ্চল। ভূমিকম্পের তরঙ্গ এখানে ধীর হওয়ার পাশাপাশি শক্তিক্ষয়ও কম হয়। গবেষকদের মতে, আশপাশের টেকটনিক প্লেটের তুলনায় এই পর্বতগুলো অনেক বেশি পুরনো এবং এদের খনিজের দানা আকারে অনেক বড়।
গবেষণার ভবিষ্যৎ
গবেষকদের ধারণা, এই দুই পর্বত পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক গঠনের সম্পর্কে নতুন তথ্য উন্মোচনে সহায়ক হবে। আরও গভীর গবেষণা করতে পারলে পৃথিবীর অজানা অনেক রহস্যের সমাধান মিলবে।
বিশাল এই আবিষ্কার পৃথিবীর গভীর ইতিহাস জানার জন্য বিজ্ঞানীদের এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কে জানে, মাটির নিচে আরও কী অজানা বিস্ময় লুকিয়ে আছে!
বিয়ের মরসুমে সোনা ৮১ হাজার পেরোল! গয়না না কিনে কীভাবে বিনিয়োগে লাভ বাড়ানো যায়?