উদয়পুরে কি সত্যিই বসছে শ্রদ্ধা–রাহুলের বিয়ের আসর?
বলিউডে ফেব্রুয়ারি মানেই নাকি বিয়ের মরসুম! শোনা যাচ্ছে, আগামী মাসের ২৬ তারিখে উদয়পুরে চারহাত এক হবে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। আর ঠিক সেই রাজস্থানেই নাকি আরও এক তারকা জুটির বিয়ের আয়োজন— চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। দীর্ঘদিনের প্রেমপর্বের পর এই খবরে ইতিমধ্যেই তোলপাড় অনুরাগী মহল।
যদিও এখনও পর্যন্ত শ্রদ্ধা বা রাহুলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু গুঞ্জন বলছে, উদয়পুরের রাজকীয় আবহে, সাবেকি ঘরানার বিয়ের পরিকল্পনা করছেন দু’জনে। খবর ছড়াতেই অনুরাগীদের একাংশ মনখারাপ করেছেন, আবার অনেকেই শ্রদ্ধাকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
এই আবহেই সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রতিক্রিয়া এসেছে শ্রদ্ধার দাদা সিদ্ধান্ত কপূরের কাছ থেকে। সমাজমাধ্যমে শ্রদ্ধার বিয়ে সংক্রান্ত একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে সিদ্ধান্ত লিখেছেন, “এটা তো আমার কাছেও একেবারে নতুন খবর!”— সঙ্গে অবাক হওয়া আর হাসির ইমোজি। দাদার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ মজা করে লেখেন, “আশা করি, এ বার আর গুজব থাকবে না!”
শ্রদ্ধার ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে। অতীতে একাধিকবার তাঁর বিয়ে নিয়ে জল্পনা শোনা গিয়েছে। কখনও আদিত্য রায় কপূর, কখনও পরিচালক ফারহান আখতার— নানা সময় নানা নাম উঠে এসেছে তাঁর সঙ্গে। শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিবার বিশেষ সন্তুষ্ট ছিল না, আর সেই কারণেই নাকি ওই সম্পর্কে ইতি টানতে হয়েছিল শ্রদ্ধাকে।
তবে রাহুল মোদীর ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। দু’জনের সম্পর্ক নিয়ে কখনও বড় কোনও বিতর্ক শোনা যায়নি। বরং তাঁদের জুটি বরাবরই শান্ত, পরিণত এবং ব্যক্তিগত বলেই পরিচিত। অভিনয়ের পাশাপাশি নিজের গয়নার সংস্থা নিয়ে ব্যস্ত শ্রদ্ধা, আর লেখালেখির জগতে প্রতিষ্ঠিত রাহুল— দু’জনেই নিজেদের কেরিয়ারে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে।
সম্প্রতি এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, তিনি আদৌ বিয়ে করবেন কি না। সেই প্রশ্নে লাজুক হাসি হেসে শ্রদ্ধা বলেছিলেন, “হ্যাঁ, আমি বিয়ে করব। নিশ্চয়ই বিয়ে করব।” যদিও কবে, কার সঙ্গে— সে বিষয়ে তখনও মুখ খোলেননি তিনি।
তাই এখন প্রশ্ন একটাই— সেই “নিশ্চয়ই” কি এবার সত্যি হতে চলেছে? উদয়পুরের রাজপ্রাসাদে কি তবে শ্রদ্ধা কপূর রূপকথার রাজকন্যার মতো নতুন জীবনে পা রাখবেন?
দাদার মজার মন্তব্য, অনুরাগীদের কৌতূহল আর সমাজমাধ্যমের গুঞ্জন— সব মিলিয়ে শ্রদ্ধা–রাহুলের বিয়ে এখন বলিউডের সবচেয়ে আলোচিত ‘রহস্য’। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই। তবে এক কথা বলাই যায়, যদি সত্যিই এই বিয়ে হয়, তাহলে তা নিঃসন্দেহে হবে বছরের সবচেয়ে চর্চিত তারকা বিয়ে।
লড়াইয়ের মাঝেও হাসি— হাসপাতালে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, পাশে দাঁড়াতে ছুটে গেলেন দেব