আবাসনের ইন্টারনেট খারাপ?!
বর্তমান যুগে ইন্টারনেট আর ফোনকল শুধু বিলাসিতা নয়—এগুলো এখন মানুষের নিত্য প্রয়োজন। অফিসের কাজ থেকে শুরু করে বাজার করা, বিল মেটানো বা অনলাইন ক্লাস—সব কিছুই চলছে বাড়িতে বসেই, ইন্টারনেটের উপর নির্ভর করে। আর এই বাস্তবতাকেই সামনে রেখে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, ট্রাই (TRAI)।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও আবাসনের ডিজিটাল পরিকাঠামো যেমন—ইন্টারনেট সংযোগ, মোবাইল নেটওয়ার্ক বা ফোনকল পরিষেবা—সেগুলি যদি বাসিন্দাদের কাছে সন্তোষজনক না হয়, তাহলে বাসিন্দারাই ট্রাইকে সরাসরি মতামত জানাতে পারবেন। আর সেই পরামর্শ মেনে প্রয়োজন হলে সংশ্লিষ্ট আবাসন সংস্থাকে ডিজিটাল পরিকাঠামো বদলাতেও হতে পারে।
এই পুরো বিষয়টির জন্য ট্রাই এনেছে একটি প্রাথমিক পরামর্শপত্র, যার নাম ‘রেটিং অব প্রপার্টিজ় ফর ডিজিটাল কানেক্টিভিটি রেগুলেশন, ২০২৪’। এই নথি অনুযায়ী, আবাসিকেরা আবাসনের ডিজিটাল পরিকাঠামো নিয়ে ফিডব্যাক দিতে পারবেন, যা আবাসনের রেটিং নির্ধারণে সাহায্য করবে।
পরিকাঠামোর মান ভাল না হলে শুধু বাসিন্দাদেরই সমস্যা হবে না, আবাসন সংস্থাগুলিও পিছিয়ে পড়বে। কারণ ভবিষ্যতে যে সব ফ্ল্যাট বা কমপ্লেক্সের ডিজিটাল রেটিং বেশি থাকবে, ক্রেতারাও সেদিকেই বেশি আগ্রহ দেখাবেন। এক কথায়, ডিজিটাল কানেক্টিভিটির মান এবার আবাসনের মূল বিক্রয় পয়েন্টগুলির মধ্যে একটি হয়ে দাঁড়াবে।
ট্রাই জানিয়েছে, এই নির্দেশিকা মেনে আবাসন তৈরি না হলে ভবিষ্যতে বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। টেলিকম সংস্থাগুলিও ট্রাইয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সংস্থাগুলি মোটা অঙ্কের বিনিয়োগ করে পরিকাঠামো তৈরি করে। তাই যাতে সেই পরিসেবাগুলি গ্রাহকের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করাও আবাসন নির্মাতাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
এই উদ্যোগের আরও একটি বড় উদ্দেশ্য হল আগামী দিনে ৪জি, ৫জি এমনকি ভবিষ্যতের ৬জি পরিষেবা যাতে নির্বিঘ্নে মানুষের ঘরে পৌঁছে দেওয়া যায়। ট্রাইয়ের তথ্য বলছে, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ডেটা ব্যবহার করেন বাড়িতে বসেই। সেই কারণেই আবাসনগুলির ভেতরের ইন্টারনেট পরিকাঠামো যত উন্নত হবে, ততই সাধারণ মানুষের অভিজ্ঞতা ভালো হবে।
ট্রাইয়ের এই পদক্ষেপ শুধু বাসিন্দাদের অধিকারে নতুন জোর দেবে না, বরং নির্মাণ সংস্থাগুলিকে আরও দায়িত্বশীল ও আধুনিক পরিকাঠামো বানাতে বাধ্য করবে। ফলে উপকৃত হবেন বাসিন্দারা, বাড়বে গ্রাহক সন্তুষ্টি, আর ডিজিটাল ভারতের স্বপ্নও এক ধাপ এগোবে।
এখন থেকে শুধু বাড়ির লোকেশন বা দামের দিকেই নয়, ক্রেতারা নজর রাখবেন—আপনার ফ্ল্যাটে ইন্টারনেটের গতি কেমন, ফোনকল ড্রপ হয় কিনা, সিগন্যাল কতটা ভালো। কারণ আবাসনের ‘ডিজিটাল রেটিং’ই হতে চলেছে আগামী দিনের নতুন স্ট্যান্ডার্ড।
পাকিস্তানি ভাইবোনদের উদ্দেশে রণবীরের পোস্ট কেন মুছলেন? বিতর্কের মধ্যে সাফাই দিলেন অভিনেতা