‘আদিপুরুষ’ আমার জীবনের সবচেয়ে বড় ভুল! তিন বছর পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন মনোজ মুন্তশির

‘আদিপুরুষ’ আমার জীবনের সবচেয়ে বড় ভুল!! মুক্তির সময় যতটা আলোচনায় ছিল, তার থেকেও বেশি বিতর্কের জন্ম দিয়েছিল ‘আদিপুরুষ’। প্রায় তিন বছর পরে সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে অনুশোচনা…

July 25, 2026
1 min read

‘আদিপুরুষ’ আমার জীবনের সবচেয়ে বড় ভুল!!

মুক্তির সময় যতটা আলোচনায় ছিল, তার থেকেও বেশি বিতর্কের জন্ম দিয়েছিল ‘আদিপুরুষ’। প্রায় তিন বছর পরে সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করলেন জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার মনোজ মুন্তশির। শুধু সংলাপ লেখাই নয়, ছবিটিকে প্রকাশ্যে সমর্থন করাও তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ জানান, ছবি মুক্তির প্রায় ছ’মাস আগেই সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় তাঁর স্ত্রী তাঁকে পরামর্শ দিয়েছিলেন, বিতর্কিত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে। কিন্তু তিনি সেই পরামর্শ শোনেননি। এখন ফিরে তাকিয়ে সেই সিদ্ধান্তকেই জীবনের অন্যতম বড় ভুল বলে মনে করছেন।

মনোজের কথায়, প্রথমে তিনি সমালোচনাকে গুরুত্ব দেননি। কিন্তু ছবি মুক্তির পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। দর্শকদের প্রবল নেতিবাচক প্রতিক্রিয়া তাঁকে নাড়িয়ে দেয়। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, “‘আদিপুরুষ’ আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ছবিকে রক্ষা করার চেষ্টা ছিল আরও বড় ভুল। যা ঘটেছে, তার জন্য আমি সত্যিই লজ্জিত। দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।”

তিনি আরও বলেন, রামায়ণের চরিত্রগুলিকে যথাযথ মর্যাদার সঙ্গে তুলে ধরতে না পারার আক্ষেপ আজও তাঁকে তাড়া করে। বিশেষ করে রাম ও হনুমান-এর মতো চরিত্রের ক্ষেত্রে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি বলেই মনে করেন। যদিও তাঁর দাবি, হনুমানকে নিয়ে লেখা কিছু সংলাপ প্রসঙ্গের বাইরে তুলে ধরে সমালোচনা করা হয়েছিল। তবু নিজের লেখার দায় এড়াতে চান না তিনি। মনোজের কথায়, “এখন ভাবলে নিজেই বুঝতে পারি না, ওই সংলাপগুলো কী ভেবে লিখেছিলাম।”

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ রামের আদলে রাঘব চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস। কৃতি শ্যানন ছিলেন জানকির ভূমিকায়, আর সইফ আলি খান অভিনয় করেছিলেন লঙ্কেশ চরিত্রে। ছবিতে আরও ছিলেন সানি সিংহ ও দেবদত্ত নাগে।

প্রায় ৬০০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবি ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পায়। মুক্তির আগে ছবিকে ঘিরে বিপুল প্রত্যাশা তৈরি হলেও, মুক্তির পর ভিএফএক্স, সংলাপ, চরিত্রের উপস্থাপনা এবং রামায়ণের আধুনিক ব্যাখ্যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে নির্মাতারা। বিতর্ক এতটাই বাড়ে যে, দর্শকদের ক্ষোভের জেরে মুক্তির পর কয়েকটি সংলাপ পরিবর্তনও করতে হয়।

বিশ্বব্যাপী ছবিটি প্রায় ৩৯০ কোটি টাকা আয় করলেও বিশাল বাজেটের তুলনায় সেই আয় যথেষ্ট ছিল না। ফলে বক্স অফিসেও ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিন বছর পর মনোজ মুন্তশিরের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও ‘আদিপুরুষ’-কে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *