‘অ্যাভেঞ্জার্স: ডুমস্ডে’ নিয়ে উচ্ছ্বসিত রবার্ট ডাউনি জুনিয়র!
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (MCU) বহুল প্রতীক্ষিত ছবি ‘Avengers: Doomsday’ ঘিরে অনুরাগীদের উন্মাদনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি San Diego Comic-Con 2026-এ ছবির নতুন ফুটেজ প্রকাশের পর সেই উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে ছবি সম্পর্কে মুখ খুলেছেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবং পরিচালক জুটি জো ও অ্যান্থনি রুশো।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রবার্ট ডাউনি জুনিয়র জানান, তিনি ইতিমধ্যেই ছবির একটি প্রাথমিক সংস্করণ দেখেছেন। তাঁর কথায়, ছবিটি প্রত্যাশার থেকেও বেশি চমকপ্রদ। মজার ছলে তিনি বলেন, “হয়তো এ বারেও আমরা দর্শকদের মন জয় করতে পারব।” তাঁর এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
এ বারের ছবিতে সবচেয়ে বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রের একেবারে নতুন অবতার। দীর্ঘদিন আয়রন ম্যান চরিত্রে অভিনয়ের পর তিনি এবার হাজির হচ্ছেন মার্ভেলের অন্যতম শক্তিশালী খলনায়ক ডক্টর ডুম হিসেবে। এই চরিত্রের প্রস্তুতি নিয়েই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন পরিচালক জো রুশো।
জো রুশোর কথায়, ডক্টর ডুমের কণ্ঠস্বর কেমন হবে, তা নিয়ে আলোচনার সময় হঠাৎ করেই রবার্ট নিজে চরিত্রটির গলায় সংলাপ বলা শুরু করেন। সেই মুহূর্তেই পরিচালকদের মনে হয়েছিল, এটাই এই চরিত্রের জন্য একেবারে নিখুঁত কণ্ঠস্বর। অ্যান্থনি রুশোও জানান, রবার্টের অভিনয় ও ভয়েস মড্যুলেশন তাঁদের মুগ্ধ করেছে এবং চরিত্রটিকে আরও শক্তিশালী করে তুলেছে।
জো রুশোর মতে, রবার্ট ডাউনি জুনিয়রের এই নতুন পারফরম্যান্স ভবিষ্যতে তাঁর বিখ্যাত “I am Iron Man” সংলাপের মতোই দর্শকদের মনে জায়গা করে নিতে পারে। তিনি বলেন, রবার্ট এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম।
ভারতীয় দর্শকদের জন্যও রয়েছে বিশেষ চমক। আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘Spider-Man: Brand New Day’। সেই ছবির প্রদর্শনের আগে বড় পর্দায় দেখানো হবে ‘Avengers: Doomsday’-এর এক্সক্লুসিভ ট্রেলার। শুধু ইংরেজি নয়, বিভিন্ন ভারতীয় ভাষাতেও এই ঝলক প্রদর্শন করা হবে, যাতে আরও বেশি দর্শক নতুন ছবির স্বাদ নিতে পারেন।
সব মিলিয়ে, মুক্তির আগেই ‘Avengers: Doomsday’-কে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। একদিকে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম রূপে প্রত্যাবর্তন, অন্যদিকে রুশো ব্রাদার্সের পরিচালনা— এই দুইয়ের সংমিশ্রণে মার্ভেলের পরবর্তী বড় ব্লকবাস্টারের অপেক্ষায় এখন বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?