অস্ট্রেলিয়ান ওপেনে উত্তেজনার শেষ আট!
প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন শীর্ষ বাছাই খেলোয়াড়েরা। তবে শুধু জয়ের গল্প নয়—মেলবোর্ন পার্কে একসঙ্গে দেখা গেল রেকর্ড, বিতর্ক আর হতাশার ছবি। ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ, আবার আলোচনায় এলেন ইয়ানিক সিনার, আর নজির গড়ে ইতিহাসে নাম লেখালেন ইগা শিয়নটেক। ভারতের ডাবলস আশা অবশ্য থামল ইউকি ভাম্বরির বিদায়ে।
৩৮ বছরের জোকোভিচের জন্য দিনটি এল স্বস্তির খবর নিয়ে। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ, চেক প্রজাতন্ত্রের ১৬ নম্বর বাছাই ইয়াকুব মেনসিক চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন। ফলে বিনা লড়াইয়েই কোয়ার্টার ফাইনালে উঠে যান ‘জোকার’। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি বিশ্রাম পাওয়ায় স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী সার্বিয়ান তারকা।
পুরুষদের সিঙ্গলসে সহজ জয় তুলে নেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার। স্বদেশীয় লুসিয়ানো ডারডেরিকে তিনি হারান ৬-১, ৬-৩, ৭-৬ (৭-২) ব্যবধানে। তবে ম্যাচের থেকেও বেশি আলোচনা হয় এক বিতর্ক নিয়ে। রিস্ট ব্যান্ডের নীচে ‘হুপ ট্র্যাকার’ পরে খেলতে নামায় চেয়ার আম্পায়ার তাঁকে সেটি খুলে ফেলতে বলেন। এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা তর্কে জড়ান সিনার। শেষ পর্যন্ত ডিভাইস খুলে খেললেও তাঁর পারফরম্যান্সে তার ছাপ পড়েনি।
দিনটি স্মরণীয় হয়ে থাকল আমেরিকার বেন শেলটনের জন্যও। দ্বাদশ বাছাই ক্যাসপার রুডকে ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি। অন্যদিকে, নবম বাছাই টেলর ফ্রিৎজ়ের অস্ট্রেলিয়ান ওপেন অভিযান শেষ করে দেন ইটালির লরেঞ্জো মুসেত্তি, যিনি জেতেন ৬-২, ৭-৫, ৬-৪ ব্যবধানে।
মহিলাদের সিঙ্গলসে নজর কাড়লেন ইগা শিয়নটেক। অস্ট্রেলিয়ার অবাছাই ম্যাডিসন ইংলিসকে ৬-০, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গেই এক অনন্য নজির গড়েছেন শিয়নটেক—গত ২৩ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে টানা ছ’টি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব। এর আগে ২০০২-০৩ মরসুমে এই রেকর্ড ছিল সেরিনা উইলিয়ামসের দখলে।
এছাড়া কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন এলিনা রাইবাকিনা, আমান্ডা অ্যানিসিমোভা ও জেসিকা পেগুলা। রাইবাকিনা ৬-১, ৬-৩ ব্যবধানে হারান এলিস মার্টেন্সকে। অ্যানিসিমোভা ও পেগুলা দু’জনেই কঠিন লড়াইয়ের পর জয় নিশ্চিত করেন।
পুরুষদের ডাবলসে অবশ্য হতাশ ভারতীয় সমর্থকদের জন্য। ইউকি ভাম্বরি ও সুইডেনের আন্দ্রে গোরানসনের দশম বাছাই জুটি তৃতীয় রাউন্ডে ৬-৭ (৭-৯), ৩-৬ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিলের অরল্যান্ডো লুজ়–রাফায়েল ম্যাতোস জুটির কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে তাই এখন নজর কোয়ার্টার ফাইনালের বড় লড়াইগুলোর দিকে।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা