সামলানোর ৫ সহজ অভ্যাস
কথায় বলে, আজ যে রাজা, কাল সে ফকির। জীবনের এই অস্থিরতাকে এড়ানো কঠিন। আজ চাকরি বা ব্যবসা থেকে স্থায়ী আয় হলেও আগামী দিনে তা কতটা টিকবে, কেউ জানে না। তাই অনিশ্চয়তার সময়েও যাতে ভরসার জায়গা থাকে, তার প্রস্তুতি জরুরি। সঠিক সময়ে সঞ্চয় ও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয়ের অভ্যাস গড়ে তুললে আর্থিক ধাক্কা সামলানো অনেক সহজ হয়।
চলুন জেনে নেওয়া যাক, এমন পাঁচটি অভ্যাস যা আপনার আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।
১. জরুরি পরিস্থিতির জন্য তহবিল তৈরি করুন
প্রতিদিনের কিছু খরচ কখনওই কমানো যায় না— যেমন ভাড়া, ওষুধ, বা সংসারের নিত্যপ্রয়োজন। এই খরচ চালিয়ে যাওয়ার জন্যই জরুরি তহবিল গড়ে তোলা জরুরি। চাকরি হারানো, অসুস্থতা বা আয় হঠাৎ কমে যাওয়ার মতো বিপদের সময় এই তহবিল আপনাকে ভরসা দেবে। মাসিক আয়ের অন্তত এক-দশমাংশ জমিয়ে রাখুন। চাইলে ছোট ছোট কিস্তিতে সঞ্চয় করুন অথবা নির্ভরযোগ্য বিমা বা বিনিয়োগ প্রকল্প বেছে নিতে পারেন।
২. সঞ্চয় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন
শুধু টাকা জমালেই হবে না, কোথায় জমাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কর, বিনিয়োগ, ঋণ বা বিমা সম্পর্কে অজ্ঞ থাকি। অথচ এগুলির সঠিক জ্ঞান থাকলে দীর্ঘমেয়াদে বিপুল সুবিধা মেলে। তাই সঞ্চয়ের পরিকল্পনা করার আগে বিষয়টি বুঝে নেওয়া প্রয়োজন। চাইলে বিশেষজ্ঞদের লেখা বা ভিডিও দেখে ধারণা নিতে পারেন।
৩. বাজেট তৈরি ও মেনে চলা
অর্থনৈতিক নিরাপত্তার অন্যতম মূল চাবিকাঠি বাজেট। প্রতি মাসের সম্ভাব্য খরচের খাত তৈরি করুন। তার মধ্যে শখ বা বিনোদনের জন্যও নির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখুন। তবে কখনওই বাজেটের বাইরে খরচ করবেন না। এই নিয়ম মানলে সন্তানের পড়াশোনা, ভ্রমণ কিংবা বড় কোনও প্রয়োজনের জন্য আলাদা সঞ্চয় করাও সহজ হবে।
৪. স্বল্প সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন
অনেকেই ভাবেন, হাতে বড় অঙ্ক এলে তবে সঞ্চয় করবেন। কিন্তু বাস্তবে তা প্রায় হয় না। তাই ছোট অঙ্ক থেকেই শুরু করুন। মাসে ৫০০ বা ১,০০০ টাকা হলেও নিয়মিত জমান। শুধু বাড়িতে টাকা রেখে দেবেন না বা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখবেন না। বরং ব্যাঙ্ক বা ডাকঘরের নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করুন, যেখানে সুদের হার ভালো। অল্প অল্প করে জমালেও ভবিষ্যতে তা বড় অঙ্কে পৌঁছবে।
৫. দৈনন্দিন খরচে সচেতন হোন
ছোটখাটো খরচ অনেক সময় নজরে আসে না। প্রতিদিনের সেই অযথা খরচই মাস শেষে বড় অঙ্কে দাঁড়ায়। চেষ্টা করুন, কোথায় কম খরচ করা যায়। যেমন, বাইরে খাওয়ার বদলে বাড়িতে রান্না, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল, বা অযথা কেনাকাটা এড়ানো। এই অল্প সঞ্চয়গুলো একসঙ্গে যোগ হয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কাজে লাগবে।
জীবনের অনিশ্চয়তা আটকানো সম্ভব নয়। তবে সঠিক অভ্যাস গড়ে তুললে আর্থিক ধাক্কা সামলানো অনেক সহজ হয়। আজ থেকেই যদি সচেতন হয়ে পরিকল্পনা শুরু করেন, আগামী দিনের ভয় অনেকটাই কমে যাবে। মনে রাখবেন, সঞ্চয় শুধু টাকার অঙ্ক নয়, ভবিষ্যতের নিরাপত্তার প্রতিশ্রুতি।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ