অভিষেকের আপ্তসহায়কের আগাম জামিন মামলায় জরুরি শুনানির আর্জি খারিজ!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে, এই মামলার শুনানি নিয়মিত বেঞ্চেই হবে। ফলে এখনই কোনও অন্তর্বর্তী স্বস্তি পেলেন না সুমিত।
শালবনির জমি দুর্নীতি এবং গড়বেতায় চাকরির নামে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তদন্তকারীরা কয়েক দিন ধরে তাঁর খোঁজ চালালেও এখনও পর্যন্ত তাঁর অবস্থান জানা যায়নি। এর মধ্যেই আত্মগোপনে থেকেই আগাম জামিনের আবেদন করেন তিনি।
মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি উপস্থিত না থাকায় সুমিতের আইনজীবী অন্য বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলাটি শোনার আবেদন জানান। দিনের শুরুতে বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দুপুর ২টার পর বিষয়টি আবার উত্থাপনের নির্দেশ দেন।
দুপুরে ফের মামলাটি উঠলে বিচারপতি ঘোষ জরুরি শুনানির আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি স্পষ্ট জানান, এই মামলার শুনানি বিচারপতি জয় সেনগুপ্তের নিয়মিত বেঞ্চেই হবে। ফলে জরুরি ভিত্তিতে আগাম জামিনের আবেদন শোনার সুযোগ মিলল না।
তদন্তকারী সংস্থার দাবি, শালবনির জমি সংক্রান্ত দুর্নীতি এবং গড়বেতায় চাকরির নামে প্রতারণার অভিযোগে সুমিতের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে গ্রেফতারের উদ্দেশ্যে একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
তদন্তের সূত্র ধরে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছিল। তদন্তকারীদের দাবি, সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন অভিষেকের বাড়ির আশপাশে পাওয়া গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই সেখানে তল্লাশি চালানো হয়। তবে সুমিতকে পাওয়া যায়নি।
পরে তদন্তকারীরা আদালতের দ্বারস্থ হলে তাদের আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এখন তাঁর আগাম জামিনের আবেদন নিয়মিত বেঞ্চে কবে শুনানির জন্য উঠবে, সেদিকেই নজর রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?