ফরাহের হাত ধরেই বলিউডে অভিষেক ইজ়হানের!!
টেনিস তারকা সানিয়া মির্জ়া ও পরিচালক ফরাহ খানের বন্ধুত্ব বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। তাঁদের খুনসুটি আর আন্তরিক সম্পর্কের মাঝেই লুকিয়ে রয়েছে একটি মজার প্রতিশ্রুতি। সানিয়ার ছেলে ইজ়হান মির্জ়া মালিককে নিয়ে আট বছর আগে কী কথা দিয়েছিলেন ফরাহ?
সম্প্রতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর পডকাস্টে এসে সেই পুরনো স্মৃতি ভাগ করে নেন সানিয়া। তিনি জানান, ইজ়হানের জন্মের সময়ই ফরাহ তাঁকে ১০০ টাকার একটি নোট দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, ইজ়হান বড় হয়ে অভিনেতা হলে তাঁর সঙ্গেই ছবি করবেন।
সানিয়ার কাছে সেই নোটটি আজও বিশেষ স্মৃতির মতো যত্নে রাখা রয়েছে। মজার ছলে তিনি সেটিকে ছেলের ‘সাইনিং অ্যামাউন্ট’ বলেও উল্লেখ করেন।
‘তুমিই আমার হিরো’, ইজ়হানকে বলেছিলেন ফরাহ
ইজ়হানকে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করানোর প্রতিশ্রুতির কথা আগেও জানিয়েছিলেন সানিয়া। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফরাহ খানের ভ্লগে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যায়, চিউইংগাম চিবোতে চিবোতে ফরাহের সঙ্গে দুষ্টুমি করছে ইজ়হান। সে ইশারায় বোঝায়, পরিচালকের সোফায় চিউইংগাম লাগিয়ে দিতে পারে।
জবাবে ফরাহ মজার ছলেই তাকে মনে করিয়ে দেন, ভুলে গেলে চলবে না যে তিনিই তাকে বলিউডে লঞ্চ করবেন। ইজ়হানকে নিজের ছবির নায়ক বলেও উল্লেখ করেন পরিচালক।
ছেলেকে নিয়ে গর্বিত সানিয়া
২০১৮ সালে সানিয়া মির্জ়া ও তাঁর প্রাক্তন স্বামী শোয়েব মালিকের জীবনে আসে ইজ়হান। ছেলের বেড়ে ওঠা নিয়ে একাধিক বার নিজের অনুভূতির কথা জানিয়েছেন সানিয়া। তাঁর মতে, ইজ়হান অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল। ছেলের কাছ থেকেই নিঃশর্ত ভালবাসার অর্থ আরও গভীর ভাবে বুঝেছেন তিনি। মাতৃত্ব তাঁকে আরও ভাল মানুষ হতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন টেনিস তারকা।
খেলাধুলো ভালবাসে ইজ়হান
সানিয়ার কথায়, ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ রয়েছে ইজ়হানের। ফুটবল, টেনিস ও সাঁতারের পাশাপাশি ড্রামস বাজাতেও ভালবাসে সে। তবে ছেলে ভবিষ্যতে কোন পেশা বেছে নেবে, তা নিয়ে কোনও চাপ দিতে চান না সানিয়া।
তিনি চান, ইজ়হান নিজের পছন্দমতো জীবন বেছে নিক, আনন্দের সঙ্গে কাজ করুক এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুক। তাই ফরাহের প্রতিশ্রুতি ঘিরে বলিউডে অভিষেকের মজার জল্পনা থাকলেও, ভবিষ্যতে ইজ়হান অভিনয়ে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।