প্রথম বল থেকেই আক্রমণ নয়, বদলে গিয়েছে অভিষেকের ব্যাটিং!!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে একের পর এক নজির গড়ছেন অভিষেক শর্মা। ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাত্র ৩০ বলে ৬৯ রান করে যেমন ভারতকে বড় রানের ভিত গড়ে দিয়েছেন, তেমনই দ্রুততম ২,০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করার রেকর্ডও গড়েছেন তিনি। এক বছরে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও এখন তাঁর দখলে। কিন্তু কী ভাবে ধারাবাহিক ভাবে এমন বিধ্বংসী ব্যাটিং করছেন অভিষেক? তাঁর সাফল্যের পিছনে ব্যাটিংয়ের ধরনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
ধারাবাহিকতাই অভিষেককে আলাদা করেছে
টি-টোয়েন্টিতে অভিষেকের আগ্রাসী ব্যাটিং নতুন কিছু নয়। শুরু থেকেই বড় শট খেলার ক্ষমতা দিয়ে নজর কেড়েছেন তিনি। তবে আগে বড় রান করার পরের ম্যাচগুলিতে সেই ছন্দ ধরে রাখতে পারতেন না সব সময়। এখন ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। ধারাবাহিক ভাবে রান করার পাশাপাশি একই রকম দ্রুত গতিতে স্কোরবোর্ড সচল রাখছেন ভারতীয় ওপেনার।
‘ক্রিকবাজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক বলেন, “অভিষেক দুর্দান্ত এক ওপেনার। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ও আক্রমণ করার ক্ষমতা রাখে। এ রকম ওপেনার ভারতীয় ক্রিকেটে অনেক দিন আসেনি।”
অভিষেকের শট খেলার দক্ষতা এবং ধারাবাহিকতার প্রশংসা করে কার্তিক আরও বলেন, “ওর দক্ষতা রয়েছে। সব দিকে শট খেলতে পারে। পাশাপাশি এখন ও ধারাবাহিক ভাবে রান করছে। একই স্ট্রাইক রেটে এ ভাবে রান করা কঠিন। সেই কারণেই ও বাকিদের থেকে আলাদা।”
প্রথম বল থেকেই মারার চেষ্টা করেন না অভিষেক
কার্তিকের মতে, অভিষেকের ব্যাটিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইনিংসের শুরুতে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আগে ক্রিজ়ে নেমেই বড় শট খেলার চেষ্টা করতেন তিনি। এখন প্রথম কয়েকটি বল দেখে পিচের চরিত্র বোঝার চেষ্টা করেন। তার পর পরিস্থিতি বুঝে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।
কার্তিকের ব্যাখ্যা, শুরুতে একটু সময় নিয়ে খেলার এই অভ্যাসই অভিষেককে আরও বিপজ্জনক করে তুলেছে। এতে এক দিকে যেমন অকারণে উইকেট হারানোর ঝুঁকি কমছে, অন্য দিকে আক্রমণের সুযোগ পেলেই প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলতে পারছেন তিনি।
সাফল্যের পিছনে যুবরাজের অবদান
অভিষেকের এই পরিবর্তনের নেপথ্যে তাঁর পরামর্শদাতা যুবরাজ সিংহের অবদানের কথাও উল্লেখ করেছেন কার্তিক। যুবরাজের কাছ থেকে পাওয়া শিক্ষা ও আত্মবিশ্বাস অভিষেকের ব্যাটিংয়ে প্রতিফলিত হচ্ছে বলে মনে করেন তিনি।
কার্তিক বলেন, “অভিষেক সেরার কাছ থেকে শিখেছে। ওর খেলার ধরন দেখলেই সেটা বোঝা যাচ্ছে। যুবি পাজি আছে বলেই অভিষেক এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলছে।”
আগ্রাসন অভিষেকের ব্যাটিংয়ের পরিচিত বৈশিষ্ট্য। তবে সেই আগ্রাসনের সঙ্গে পরিস্থিতি বুঝে খেলার অভ্যাস যুক্ত হওয়ায় তাঁর ব্যাটিং আরও কার্যকর হয়েছে। আগামী ম্যাচগুলিতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারতীয় দলের হয়ে আরও অনেক রেকর্ড গড়ার সুযোগ থাকবে এই বাঁহাতি ওপেনারের সামনে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।