দীপকদের আটকের পর ময়দানে নেহা বোরা, বদল বিক্ষোভস্থল!
সিজেপি নেতাদের আটকের পরেও প্রতিবাদ কর্মসূচি থেকে পিছিয়ে এলেন না অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা। শনিবার বেলা ১টার পর তাঁর নেতৃত্বে মিছিল বের হয়। যন্তর মন্তরের বদলে এ বার বিক্ষোভের নতুন কেন্দ্র দিল্লি হাট। মিছিল এগোনোর পথে ব্যারিকেড সরানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচিতে নেহা বোরারও যোগ দেওয়ার কথা ছিল। তবে বিপুল জমায়েত ও অশান্তির আশঙ্কায় আগেভাগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে দিল্লি পুলিশ।
শুক্রবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। একাধিক রাস্তায় বসানো হয় ব্যারিকেড। শনিবার সকালে মুম্বই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাদের আটক করে পুলিশ। তাঁদের বিমানের ভিতর থেকেই আটক করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দলের অন্য নেতা-কর্মী ও সমর্থকদেরও বিভিন্ন জায়গায় আটক করা হয়। বাম নেত্রী বৃন্দা কারাট এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করার খবর সামনে আসে।
এই পরিস্থিতিতে যন্তর মন্তরে পৌঁছনো কঠিন হয়ে পড়ে প্রতিবাদীদের পক্ষে। কিন্তু কর্মসূচি বাতিল না করে বিক্ষোভস্থল বদলের সিদ্ধান্ত নেন নেহা। শনিবার বেলা ১টার পর তাঁর নেতৃত্বে সমর্থকেরা দিল্লি হাটের উদ্দেশে মিছিল শুরু করেন। সমাজমাধ্যমে তিনি ঘোষণা করেন, ‘‘দিল্লি হাটই আজকের যন্তর মন্তর। আমরা আসছি।’’
নেহা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মিছিলের সরাসরি সম্প্রচারও করেন। সেই ভিডিয়োয় সমর্থকদের স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে দেখা যায়। পথে একটি ব্যারিকেড পড়লে সেটি সরিয়ে মিছিল এগিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দীপকেরা আগেই জানিয়েছিলেন, যেখানে তাঁদের আটকানো হবে, সেই জায়গাকেই প্রতিবাদের কেন্দ্র করে তোলা হবে। নেহার মিছিল যেন সেই বার্তাই সামনে আনল। পুলিশি বাধা ও একের পর এক আটকের মধ্যেও শনিবারের প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনা বজায় রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।