আইএফএ শিল্ড ফাইনাল ৮ অক্টোবর, যুবভারতীতে সন্ধ্যা ৬.১৫-য় মুখোমুখি ইস্ট-মোহন

আইএফএ শিল্ড ফাইনাল ৮ অক্টোবর! আরও এক বার কলকাতা ডার্বি দিয়ে শেষ হতে চলেছে কোনও বড় ফুটবল প্রতিযোগিতা। আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ফাইনাল হবে ৮ অক্টোবর, বৃহস্পতিবার।…

October 6, 2026
1 min read

আইএফএ শিল্ড ফাইনাল ৮ অক্টোবর!

আরও এক বার কলকাতা ডার্বি দিয়ে শেষ হতে চলেছে কোনও বড় ফুটবল প্রতিযোগিতা। আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ফাইনাল হবে ৮ অক্টোবর, বৃহস্পতিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে শুরু হওয়ার কথা ম্যাচের। ফুটবল সংস্থা এখনও সরকারি ভাবে সময় ঘোষণা না করলেও সম্প্রচারকারী প্ল্যাটফর্ম ফ্যানকোডে এই সূচি প্রকাশিত হয়েছে।

ফাইনালের প্রথম দল হিসেবে ওঠে মোহনবাগান। পঞ্জাব এফসির বিরুদ্ধে সেমিফাইনাল গোলশূন্য ভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ জেতে সবুজ-মেরুন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও দল গোল করতে পারেনি। ৮৫ মিনিটে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর গোল অফসাইডের কারণে বাতিল হয়।

টাইব্রেকারে মোহনবাগানের জয়ের নায়ক গোলরক্ষক বিশাল কাইথ। পঞ্জাবের দু’টি পেনাল্টি বাঁচিয়ে দলকে ফাইনালে তুলে দেন তিনি। বিপক্ষের গোলরক্ষকও মোহনবাগানের একটি শট আটকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মিগুয়েল ফিগুয়েরার পেনাল্টিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান।

অন্য সেমিফাইনালে অবশ্য ইস্টবেঙ্গলের জয় ছিল অনেক বেশি একপেশে। নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে লাল-হলুদ। দুরন্ত ম্যাচে হ্যাটট্রিক করেছেন ডেভিড লালানসাঙ্গা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন রোহিত কুমার, ক্রিস ইকনমিডিস এবং অভিষেক হওয়া দুই বিদেশি আকে লোবা ও লুকাস জিয়োলিনস্কিও। নর্থইস্টের হয়ে দু’টি গোল করেন আলাদিন আজারাই।

এ বার তাই শিল্ডের ফাইনালে ফের মুখোমুখি দুই প্রধান। এর আগে ডুরান্ড কাপের ফাইনালেও কলকাতা ডার্বি হয়েছিল। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। ফলে আইএফএ শিল্ডের ফাইনাল মোহনবাগানের কাছে বদলার সুযোগও বটে।

এক দিকে ডুরান্ডের ফলের পুনরাবৃত্তি করতে চাইবে ইস্টবেঙ্গল, অন্য দিকে সেই হার ভুলে শিল্ডের ট্রফি ঘরে তুলতে মরিয়া মোহনবাগান। যুবভারতীতে ৮ অক্টোবরের ডার্বির অপেক্ষায় এখন দুই দলের সমর্থকেরা।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *